পোশাকশ্রমিকদের মজুরি ১৮-২৪ হাজার টাকা করার প্রস্তাব
পোশাক খাতে ন্যায্য মজুরি নির্ধারণ নিয়ে রাজধানীতে সিপিডির সভা : নয়া দিগন্ত।

বিশেষ সংবাদদাতা
পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেছেন, দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের ন্যূনতম প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবনধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) ২৪ হাজার ২০৪ টাকা। মজুরি নিয়ে আলোচনার ক্ষেত্রে এ দুই অঙ্কের মধ্যবর্তী সীমাকে বিবেচনায় নেয়া উচিত।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শ্রমিকের কষ্টার্জিত অর্থে দুর্নীতির ভর্তুকি দেয়ার পক্ষে নন তারা। সরকারের দুর্নীতির কারণে উদ্যোক্তাদের যেসব সমস্যা তৈরি হয়, তার দায় শ্রমিকেরা কম মজুরি নিয়ে কেন বহন করবেন? শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা নৈতিক ও অর্থনৈতিক- উভয় দিক থেকেই জরুরি। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় শ্রমিকের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
মজুরির তিন হিসাব
সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে তিনটি ভিন্ন স্তরে সম্ভাব্য মজুরির হিসাব তুলে ধরা হয়েছে। ড. নাজনীন আহমেদ বলেন, প্রথমত, ২০২৩ সালের নভেম্বর মাসে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে কর্মজীবী একজন সদস্যের মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। তৃতীয়ত, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য একই পরিবারের একজন কর্মীর প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মজুরি নির্ধারণের প্রস্তাবিত সীমা ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা। তবে বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপ বা সংঘাতের পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের পর গত অক্টোবর মাসে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন। পরে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। শ্রমিকপক্ষ থেকে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়া হলেও মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো পাওয়া যায়নি।
মালিকপক্ষের সাথে আলোচনায় তাদের জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সঙ্কট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে অতিরিক্ত মজুরির বোঝা বহন করা কঠিন। অন্য দিকে শ্রমিক প্রতিনিধিদের দাবি, খাদ্য ও বাসস্থানের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সাথে সঙ্গতি রেখে জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।
তথ্য-উপাত্ত ছাড়া মজুরি বোর্ড নয়
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, মজুরি বোর্ড গঠনের আগে এ খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ে একটি জরিপ হওয়া প্রয়োজন ছিল। ছয় মাস আগে এ কাজ করা উচিত ছিল। কিন্তু এ খাত নিয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত নেই। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরও (বিবিএস) এ ধরনের জরিপ নেই। তথ্য-উপাত্ত ও যথাযথ পর্যালোচনা ছাড়াই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, শুধু মালিক ও শ্রমিকের বিষয় হিসেবে মজুরি নির্ধারণকে দেখলে চলবে না। সরকারও এড়িয়ে যেতে পারে না তার দায়দায়িত্ব। মজুরি বোর্ডের ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ হয় না। এ ক্ষেত্রে একটি স্থায়ী মজুরি বোর্ড গঠন এবং মজুরি নির্ধারণের সুনির্দিষ্ট সূত্র থাকা প্রয়োজন। পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
সিপিডির একগুচ্ছ সুপারিশ
পোশাক খাতে স্থায়ী শান্তি ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কয়েকটি সুপারিশ করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে- মজুরি পুননির্ধারণের অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন, আবেগ বা চাপের পরিবর্তে বিবিএসের নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেয়া।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ডের জন্য সুনির্দিষ্ট পরিমাপক ও পদ্ধতি তৈরি, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে ন্যায্যমূল্য আদায় এবং শ্রম ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।
সিপিডি বলছে, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রফতানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য কারখানায় শোভন কাজ ও জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা সময়ের দাবি।
দুর্নীতির দায় শ্রমিকের নয় : দেবপ্রিয়
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রফতানি বহুমুখীকরণের জন্য শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়; বাস্তবে সব শিল্পের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একটি শিল্পের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হলে অন্য শিল্পগুলোর সক্ষমতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের আলোচনায় সুশাসনের অভাব, দুর্নীতি ও উদ্যোক্তাদের সমস্যার বিষয়গুলোও আসছে। অর্থনীতিতে বর্তমানে একধরনের নিম্নচাপ চলছে। উদ্যোক্তারা নানা সমস্যার মধ্যে রয়েছেন, এটিও বাস্তবতা। কিন্তু সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা কিংবা সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেয়া যায় না।
দেবপ্রিয় বলেন, ছোট, মাঝারি ও বড় কারখানার সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে। কোনো কোনো কারখানার পক্ষে বেশি মজুরি দেয়া কঠিন হতে পারে। কিন্তু সেই সমস্যার সমাধান শ্রমিকের ন্যায্য মজুরি আটকে রাখা নয়। সরকারের দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার দায় শ্রমিকেরা কেন বহন করবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, যারা সুশাসনের অভাবের কথা বলছেন, তাদেরও রাজনৈতিক ও সামাজিক দায় রয়েছে। তারা রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা করেন, নির্বাচনে অর্থায়ন করেন। তাহলে তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত অর্থনীতি আদায় করতে পারবেন না কেন? সরকার ও রাজনৈতিক নেতৃত্বের কাছে জবাবদিহি চাওয়ার দায়িত্ব সবার।
অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়তে হবে : মোস্তাফিজুর রহমান
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, একটি কারখানা শুধু মজুরি দিয়ে চলে না। শুধু মজুরির কারণে কারখানা বন্ধ হয়েছে, এমন ধারণা সঠিক নয়। আবার মজুরি বাড়ানোর কারণেই কারখানা বন্ধ হয়েছে, সেটিও ঠিক নয়। শ্রমিকদের পারিবারিক কার্ডের আওতায় আনা যায় কি না, তা বিবেচনা করতে হবে। তিনি বলেন, বন্দর, দুর্নীতি, পরিবহনসহ বিভিন্ন কারণে এ খাতে ব্যয় ১১ থেকে ১২ শতাংশ বেড়েছে। সরকারের উচিত এসব ব্যবস্থাপনা ও বাজারব্যবস্থার উন্নয়ন করা।

Advertisement