
- অবকাঠামো আছে, উপাত্ত নেই!
- টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ ডেটা ঘাটতি
- এসডিজি ট্র্যাকার : ২৪৮ সূচকের বেহাল দশা, ৮৮টিতেই নেই হালনাগাদ তথ্য
তিন বছর সময় বাড়ানোর পর ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের বৈশ্বিক লক্ষ্যমাত্রার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে সময় মোটে আর চার বছর। অথচ এই স্বল্প সময়েও দেশের উন্নয়ন অগ্রগতির পরিমাপক সূচকগুলোর কী করুণ দশা, তার এক চিত্র উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় উপাত্ত সমন্বয় কমিটির (এনডিসিসি) এক সভায়। এটি ছিল এনডিসিসির ৩০তম সভা। পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪৮টি সূচকের একটি বড় অংশে এখনো হয় কোনো প্রাথমিক ভিত্তি (বেইজলাইন) তৈরি হয়নি, নয়তো বছরের পর বছর ধরে পড়ে আছে পুরনো উপাত্ত। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা এবং সঠিক তথ্যের ঘাটতির কারণে সরকারের এই গুরুত্বপূর্ণ কার্যক্রম কতটা সফল হবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।
আগারগাঁও পরিসংখ্যান ভবনে সম্প্রতি সমন্বয় কমিটির এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজিবিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
সূচকের হালচাল
সভায় জানানো হয়, বাংলাদেশের জন্য প্রযোজ্য এসডিজি সূচকের বড় অংশেই এখন বেইজলাইন ও হালনাগাদ তথ্য আছে। এসডিজি ট্র্যাকারে এ ধরনের সূচকের হার প্রায় ৬২ শতাংশ। বেইজলাইন আছে, কিন্তু তথ্য হালনাগাদ হয়নি এমন সূচকও রয়েছে। আর ছয়টি সূচকের কোনো বেইজলাইনই নেই।
সূচকগুলো হলো নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের নীতি, নগর পরিকল্পনায় নাগরিক সমাজের অংশগ্রহণ, খাদ্য অপচয়, সমুদ্রের অম্লতা, সামুদ্রিক প্রযুক্তি গবেষণায় বরাদ্দ এবং অবৈধ অর্থপ্রবাহ। ডেটা সরবরাহেও শ্লথ গতিতে চলছে।
সভার কার্যবিবরণীতে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের সমন্বয়হীনতা, কারিগরি সক্ষমতার অভাব এবং এনডিসিসি কমিটিতে তথ্যদাতা গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদস্যপদ না থাকার কারণে উপাত্ত সরবরাহে এই শ্লথগতি তৈরি হয়েছে। এনডিসিসি সভার তথ্যানুযায়ী, বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪৮টি এসডিজি সূচকের মধ্যে : বেইজলাইনসহ হালনাগাদ উপাত্ত বিদ্যমান : ১৫৪টি সূচকে (৬২%)। বেইজলাইন আছে কিন্তু উপাত্ত অপ্রতুল/পুরনো : ৮৮টি সূচকে (৩৫.৫%)। বেইজলাইন উপাত্তই নেই : ৬টি সূচকে (২.৪১%)।
সভার কিছুদিন আগে বলা হয়েছে, কারিগরি কমিটির প্রক্রিয়াকরণের মাধ্যমে ছয়টি সূচকের উপাত্ত হালনাগাদ করে মোট ১৫৪টি সূচকের উপাত্ত ব্যবহারে প্রস্তুত রাখা হয়েছে। উপাত্তের অবস্থাসূচক সংখ্যা-
শতকরা হার বেইজলাইন ও হালনাগাদ ডাটা আছে ১৫৪ (৬২.০০%) বেইজলাইন আছে, তবে ডাটা পুরোনো ৮৮ (৩৫.৫০%) কোনো বেইজলাইন ডাটা নেই ৬২.৪১% মোট প্রযোজ্য সূচক ২৪৮ (১০০%) ১. নিরাপদ অভিবাসন নীতি (সূচক ১০.৭.২): সুনির্দিষ্ট ও দায়িত্বশীল অভিবাসন নীতি বাস্তবায়নের এই সূচকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হলেও তারা জানায়, এটি তাদের কাজের পরিধির সাথে মেলে না। পরে বিষয়টি পর্যালোচনা করে পুনঃসিদ্ধান্তের জন্য কারিগরি কমিটিতে পাঠানো হয়।
২. নগর পরিকল্পনায় নাগরিক অংশগ্রহণ (সূচক ১১.৩.২): স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত উপাত্ত এক সপ্তাহের মধ্যে এসডিজি ট্র্যাকারে প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছে। ৩. খাদ্য ক্ষতি ও অপচয় সূচক (সূচক ১২.৩.১): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অ্যাগ্রিকালচার উইং জানায়, ‘ফুড লস অ্যান্ড ওয়েস্ট সার্ভে ২০২৬’-এর রিপোর্ট প্রস্তুত রয়েছে। দ্রুতই এটি যাচাই শেষে আপলোড হবে। ৪. সমুদ্রের পানির অম্লতা বা পিএইচ মাত্রা (সূচক ১৪.৩.১) : পরিবেশ অধিদফতর কর্তৃক এই সূচকের ডাটা প্রস্তুত হলেও তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে। ৫. সামুদ্রিক প্রযুক্তিতে গবেষণা বরাদ্দ (সূচক ১৪.এ.১) : এ সংক্রান্ত তথ্যের ডাটাসোর্স এবং সমন্বয়কারী সংস্থা নির্ধারণে জটিলতা চলছে। লিড সংস্থা হিসেবে কাজ করা নৌপরিবহন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এনডিসিসির সদস্য না হওয়ায় অগ্রগতির সার্বিক চিত্র উঠে আসছে না। ৬. অবৈধ অর্থ পাচার (সূচক ১৬.৪.১) : দেশে আসা এবং বাইরে যাওয়া অবৈধ অর্থের মান পরিমাপে জাতিসঙ্ঘের ইউএন-এসক্যাপের একটি প্রকল্প চলতি বছরের ডিসেম্বরে (২০২৬) শেষ হবে। এর পরেই কেবল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রকৃত ডাটা প্রদান করতে পারবে। সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও সিদ্ধান্তের কঠোর নির্দেশএনডিসিসি সভায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং এনডিসিসির সভাপতি উল্লেখ করেন যে, শুধুই বেইজলাইন উপাত্ত তৈরি করা যথেষ্ট নয়, এসডিজি অর্জনে মানসম্মত ও গ্রহণযোগ্য তথ্য নিয়মিত হালনাগাদ করা জরুরি।
সমুদ্র গবেষণার সূচকে জট
সবচেয়ে জটিল অবস্থা সমুদ্র গবেষণা সূচকে। বলা হয়েছে, এর তথ্যসূত্র হিসেবে দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়ের, আর লিড মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। কিন্তু দু’টি মন্ত্রণালয়ের কোনোটিই এনডিসিসির সদস্য নয়, তাই অগ্রগতি জানা যাচ্ছে না। অর্থ বিভাগ জানিয়েছে, গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয় ঠিকই, কিন্তু মোট গবেষণা বাজেটের কত অংশ সামুদ্রিক বিজ্ঞানে যায়, তার তথ্য তাদের কাছে নেই। দীর্ঘদিন কোনো অগ্রগতি না থাকায় সভা অভিমত দেয়, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কের কার্যালয়ের মাধ্যমে তথ্য সূত্র পুনর্নির্ধারণসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এই সমস্যার সমাধানে বিবিএসের মহাপরিচালক সভায় প্রস্তাব দেন, তথ্য সরবরাহকারী কিন্তু এনডিসিসির সদস্য নয়, এমন মন্ত্রণালয় ও সংস্থাকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে। সভা তা মেনে নেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং নৌপরিবহন, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এখন সদস্য হিসেবে কো-অপ্ট করা হবে।
ফাঁক আরো আছে
সভায় ইআরডির একটি তথ্যগত অসঙ্গতিও উঠে আসে। সূচক ১.ধ.১-এর (দারিদ্র্য বিমোচনে দাতাদের অনুদান) ক্ষেত্রে ইআরডি এসডিজি ট্র্যাকারে সর্বশেষ ২০২১ সালের তথ্য দিয়েছে, যা জাতিসঙ্ঘের ওয়েবসাইটের তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন জাতিসঙ্ঘের ওয়েবসাইটের তথ্য নিয়েই সূচক হালনাগাদ করা যাবে কিনা, সে প্রশ্ন উঠেছে। সিদ্ধান্ত হয়েছে, ইআরডি ওইসিডির কাছে তথ্য পাঠাবে এবং ক্রস-চেক করে ট্র্যাকারে আপলোড করবে।
স্থানীয় পর্যায়ে এসডিজি
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এসডিজি সেল জানায়, চলমান ‘এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এ পর্যন্ত আটটি বিভাগ এবং কক্সবাজার, কুমিল্লা ও ময়মনসিংহসহ মোট ১১টি এসডিজি স্থানীয়করণ সেমিনার হয়েছে। এতে জেলাভিত্তিক অগ্রাধিকার সূচক নিয়ে আলোচনা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভাগীয় ও জেলা পর্যায়ে আরো পাঁচটি সেমিনার হবে। এ ছাড়া ৯টি বিষয়ভিত্তিক কারিগরি কমিটির সভা গত ৯ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
‘কাউকে পেছনে ফেলে নয়’
প্রধান অতিথি তার বক্তেব্য বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে এসডিজিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো সামাজিক-অর্থনৈতিক কর্মসূচি ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতি বাস্তবায়নে সহায়ক হবে বলে তিনি মনে করেন। তিনি জানান, এসডিজি বাস্তবায়নের জন্য তার কার্যালয় নিয়মিত পর্যবেক্ষণ করছে। এসডিজি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সূচক চিহ্নিত করে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তথ্য হালনাগাদের জন্য চিঠিও দেয়া হয়েছে।
বেইজলাইনবিহীন ছয়টি সূচকের তথ্য সংগ্রহে বিষয়ভিত্তিক কারিগরি কমিটিগুলোকে আরো সক্রিয় হতে বলা হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি আগামী এনডিসিসি সভায় উপস্থাপন করতে হবে নির্দেশনা দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








