হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসায় নতুন সক্ষমতা রামেক হাসপাতালের

 রাজশাহী ব্যুরো 

Advertisement

রক্তচাপ নেমে এসেছিল ৬০/৪০-এ। তীব্র হার্ট অ্যাটাকের পর হৃৎপিণ্ডের রক্তনালি বন্ধ হয়ে আক্রান্ত হয়েছিলেন কার্ডিওজেনিক শকে। এমন সঙ্কটাপন্ন অবস্থায় থাকা কাজল নামের ৫৫ বছর বয়সী এক রোগীর জরুরি প্রাইমারি পিসিআই সম্পন্ন করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকেরা। হৃৎপিণ্ডের বন্ধ রক্তনালিতে রিং স্থাপনের পর রোগীর রক্তচাপ বেড়ে দাঁড়িয়েছে ১২৫/৮০-এ। বর্তমানে তিনি স্থিতিশীল ও বুকব্যথামুক্ত রয়েছেন।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ক্যাথল্যাবে এ চিকিৎসা দেয়া হয়। রামেক হাসপাতালে হার্ট অ্যাটাকের পরপরই জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই করার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগী কাজলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ঘটনার দিন হঠাৎ তীব্র বুকব্যথা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজিতে তার অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। একই সাথে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন। এতে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার অংশ হিসেবে তাকে ক্যাথল্যাবে নেয়ার সিদ্ধান্ত নেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা। সেখানে সরু নলের সাহায্যে হৃৎপিণ্ডের বন্ধ রক্তনালিতে রিং স্থাপন করা হয়। চিকিৎসাপদ্ধতিটি প্রাইমারি পিসিআই নামে পরিচিত। এ প্রক্রিয়ায় বন্ধ রক্তনালি খুলে দিয়ে হৃৎপিণ্ডে রক্ত চলাচল পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। 
এ চিকিৎসায় নেতৃত্ব দেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল ইসলাম। তার সাথে ছিলেন ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ইসলাম, ডা. রাশেদসহ বিভাগের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।