দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে সিটি করপোরেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ-কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো

Advertisement

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি করপোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল নগর ভবনে অনুষ্ঠিত খুলনা মহানগরের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাসবিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ মিশনের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি)-এ সংলাপের আয়োজন করে। 
সংলাপে ওয়ার্ডভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি, সহজে সেবা পাওয়ার সুযোগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরো সম্প্রসারণ করা প্রয়োজন। প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ, সহজে সেবা প্রাপ্তি এবং সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে নগর দরিদ্রদের কার্যকরভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের প্রয়োজন চিহ্নিত করে সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হোসেনুর রহমান ও কেসিসির সচিব মো: রেজা রশীদ। সঞ্চালনা করেন সিইউপির নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত। সামাজিক সুরক্ষার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক দিক তুলে ধরেন ওএইচসিএইচআর-বাংলাদেশ মিশনের সহকারী মানবাধিকার কর্মকর্তা অর্থনীতিবিদ মো: সালে মোস্তফা। সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সিইউপির গবেষক ও টেকনিক্যাল অ্যাডভাইজার মো: আমিনুর রাসুল।