
চট্টগ্রাম ব্যুরো
মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক। এ সময় চেম্বার সভাপতি বলেন, চেম্বারের বোর্ড না থাকায় দুই বছর সিআইটিএফ আয়োজন করা যায়নি। চেম্বার সভাপতি এ ধরনের মেলা ও প্রদর্শনীর আয়োজনের জন্য স্থায়ী ভেন্যুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই মেলা সফল করতে চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে মেলার সামগ্রিক তথ্য তুলে ধরেন মেলা কমিটির উপদেষ্টা সাবেক চেম্বার সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম, কো-চেয়ারম্যান আমান উল্লা আল ছগির (ছুট্টু) ও আবু হায়দার চৌধুরী (আমজাদ), সদস্য আসাদ ইফতেখার, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা), মো: সেলিম নুর, চেম্বারের পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন, মো: আফসার হাসান চৌধুরী (জসিম), ইঞ্জিনিয়ার মো: গোলাম সরওয়ার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ডে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন।
প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থী প্রতি টিকিটের মূল্য ৩০ (ত্রিশ) টাকা। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








