
সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরী পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের জায়গায় এই নতুন কারখানাটি স্থাপন করা হবে, যা ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। কারখানাটি বন্ধ হওয়ার পর বেপজা যাবতীয় নিয়ম কানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড তা কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো: মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








