চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত।

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বাড়াতে গতকাল একটি লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (হারবার ও মেরিন)। চবক চেয়ারম্যানের নির্দেশক্রমে আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতে আইএসপিএস কোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, যা জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রণীত। 
মহড়ায় চবকের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ও কমান্ডো দল, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা  অংশ নেন। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়। -বিজ্ঞপ্তি।

Advertisement