
অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারে টানা চতুর্থ দিনের মতো সূচকের উন্নতি ঘটেছে। চলতি সপ্তাহের শুরু থেকে গতকাল (বুধবার) পর্যন্ত দেশের দুই পুঁজিবাজার সূচকের কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এর মধ্যে দু-একদিন সূচকের আচরণ মিশ্র দেখা গেলেও প্রতিদিনই বাজারগুলোর প্রধান সূচকের কমবেশি উন্নতি ঘটেছে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। তাদের মতে, পুঁজিবাজার একটি সংবেদনশীল জায়গা। এখানে লাখ লাখ বিনিয়োগকারী জড়িত। তাই কখন বাজার আচরণ কোনদিকে মোড় নেয় সে সম্পর্কে আগে থেকে কোনো ধারণা করা যায় না। তবে তারা আশাবাদী বড় কোনো দুর্ঘটনা না ঘটলে বাজার আচরণের এ ধারাবাহিকতা আরো কয়েক দিন টিকে থাকতে পারে।
মঙ্গলবার সূচক ও লেনদেনের বড় উন্নতির পর বিনিয়োগকারীদের একটি অংশ বাজারে সংশোধন ঘটতে পারে এমন আশঙ্কায় ছিলেন। কিন্তু লেনদেন শুরু হওয়ার পর কোনো বিক্রয়চাপ ছাড়াই ঢাকার বাজার পৌনে একঘণ্টা পার করে। এ সময় বাজারটির প্রধান সূচকে উন্নতি ঘটে প্রায় ৪০ পয়েন্ট। লেনদেনের এ পর্যায়ে প্রথম বিক্রয়চাপ সৃষ্টি হয়। এত বৃদ্ধি পাওয়া সূচকের একটি অংশ হারালেও দিনের প্রায় পুরোটা সময় বড় বিক্রয়চাপের মুখে পড়তে হয়নি। এতে দিনশেষে দুই বাজারই সূচকের কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। তবে শেষদিকে এসে সৃষ্ট বিক্রয়চাপের কারণে লেনদেনের আগের দিনের গতি ধরে রাখতে পারেনি ঢাকা শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৯ দশমিক ০৪ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। পাঁচ হাজার ৪৯১ দশমিক ৭৮ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি বুধবার দিনশেষে পাঁচ হাজার ৫০০ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছে যায়। দেড় মাসেরও বেশি সময় পর ডিএসইর প্রধান সূচকটি আবার পাঁচ হাজার পাঁচ শ’ পয়েন্টের ঘর অতিক্রম করল। সর্বশেষ গত ১ অক্টোবর সূচকটি এ পর্যায়ে ছিল। বুধবার ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ সূচকটি ৫ দশমিক ০৫ পয়েন্ট বৃদ্ধি পেলেও ডিএসই শরিয়াহ সূচকের অবনতি ঘটে দশমিক ৫২ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১৪ দশমিক ৭০ পয়েন্ট বৃদ্ধি পায়। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচকের মধ্যে সিএসই৩০ সূচকটি ৫ দশমিক ৮৮ পয়েন্ট অবনতির শিকার হলেও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে ১১ দশমিক ১৬ পয়েন্ট।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশী শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের সময়সীমা ও প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধ করতে হবে। তবে যৌক্তিক কারণে এ সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না। নিয়ন্ত্রক সংস্থার আগের বিধান অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বার্ষিক লভ্যাংশ এবং রেকর্ড তারিখের পরবর্তী ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী লভ্যাংশ বিতরণ করতে হতো। কিন্তু বিদেশী শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের ক্ষেত্রে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এই সনদ পেতে অনেক সময় দুই থেকে তিন মাস পর্যন্ত লেগে যায়। ফলে কোম্পানিগুলোর সদিচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়া সম্ভব হতো না।
নতুন নির্দেশনার ফলে বিদেশী শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর লভ্যাংশ পরিশোধের জন্য ৩০ দিন সময় পাওয়া যাবে। এতে কোম্পানিগুলোর বিধিবিধান পরিপালন সহজ হবে। পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রাপ্য লভ্যাংশ পাবেন। কমিশনের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা বিএসইসির আগের দু’টি নির্দেশনায় সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন করা হয়েছে।
লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় এই বাধ্যবাধকতা থাকছে না। তবে বিদেশী শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের বিষয়ে পৃথক প্রতিবেদন জমা দেয়ার শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, বিদেশী বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে আলাদা প্রতিবেদন জমা দিতে হবে। শুধু প্রতিবেদন জমা দিলেই হবে না, স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে।
গতকাল ডিএসইর লেনদেনে টেক্সটাইল ও জ্বালাািন খাতের পাশাপাশি ব্যাংকিং খাতকে এগিয়ে আসতে দেখা যায়। এখানে শীর্ষ দশ কোম্পানির তালিকায় তিনটি ছিল ব্যাংক। ৩৮ কোটি ১৪ লাখ টাকায় ৬৯ লাখ ৯২ হাজার শেয়ার হাতবদল করা টেক্সটাইল কোম্পানি মালেক স্পিনিং ছিল লেনদেনের শীর্ষে। ২৪ কোটি ৬০ লাখ টাকায় ৭৮ লাখ ৯৪ হাজার শেয়ার বেচাকেনা করে প্রাইম ব্যাংক উঠে আসে দ্বিতীয় অবস্থানে। ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো হচ্ছে যথাক্রমে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








