গোপালগঞ্জের সহিংসতা নিয়ে সংসদে উত্তাপ

 সংসদ  প্রতিবেদক
টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সংসদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের দুই সদস্য। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের অবস্থান, সহিংসতা মোকাবেলায় পুলিশের ভূমিকা এবং কর্মকর্তাদের পদায়ন নিয়ে প্রশ্ন তুলে তারা ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তারা এ কথা বলেন।
এ সময় জামায়াত এমপি নাজিবুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদবিরোধী বক্তব্য দেয়া হলেও প্রশাসনের ভেতরে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। শুধু বদলি নয়, অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। 
অন্যদিকে ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম গোপালগঞ্জের সহিংসতা মোকাবেলায় পুলিশের ভূমিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন নিয়ে প্রশ্ন তোলেন।
নাজিবুর রহমান বলেন, সংসদে যখন বিল নিয়ে আলোচনা চলছে, তখন গোপালগঞ্জে একজন এমপির বাড়িতে আগুন দেয়া হয়েছে। একই দিন টুঙ্গিপাড়ায় জামায়াতের এক ইউনিয়ন আমিরের দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা না গেলে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন আইনের সুফল সাধারণ মানুষ পাবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি জেলা ও সংসদীয় আসনে এমপিদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের অনুসারীরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করে দায়িত্ব শেষ করা যাবে না।

Advertisement