পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন বিএনপির নেতাকর্মীরা

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
 
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহতের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত রাজুর লাশ দেখতে গিয়ে তারা উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এ দিকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ জানিয়েছে, নিহত কৃষক দলের নেতার লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ না পাওয়া গেলেও কৃষক দলের নেতার নিহতের ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্তকরণে মাঠে কাজ করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। 
হত্যাকাণ্ডের পর থেকে গোটা জনপদে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা বলেন, পুলিশ সময়মতো ভূমিকা না রাখায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ ও হামলায় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার শিকার হয়েছেন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায় এবং তাদের বহনকারী সবুজ বাংলা গাড়ির নিচে পৃষ্ঠ করে পালিয়ে যায়। মারাত্মক আহত রাজু মোল্লাকে উদ্ধার করে বিএনপি নেতা কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে। 
কৃষক দলের নেতার হত্যার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি তোলেন।   
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল বিকেলে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশের কাজে কিছু সমালোচনা থাকে। সেসব মাথায় রেখেই পুলিশকে কাজ করতে হয়। ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, কৃষক দলের নেতা রাজু মোল্লা হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করেছে পুলিশ। ঘটনার রাতে ২০ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ  চলছে বলে তিনি জানান।

Advertisement