ঝাউগাছ কাটা নিয়ে কক্সবাজারে মুখোমুখি প্রশাসন-পরিবেশবাদীরা

 কক্সবাজার অফিস

Advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউবন কাটা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে প্রশাসন ও পরিবেশবাদীরা। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি বলে দাবি করেছে প্রশাসন। অন্য দিকে শত শত ঝাউগাছ কাটার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা। একই সাথে শৈবাল বিচের ঝাউবন সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
গতকাল বুধবার প্রশাসনের কর্মকর্তাদের বিচ পরিদর্শনের পর বক্তব্য ও পরিবেশবাদীদের কর্মসূচি ঘিরে কক্সবাজারের পর্যটন উন্নয়ন, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং শৈবাল বিচের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রশাসনের যৌথ পরিদর্শন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউবন কেটে পর্যটন কার্নিভাল আয়োজনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর গতকাল সকালে কার্নিভাল এলাকা সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, বন বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা। পরিদর্শন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঘটনাস্থলে থাকা গাছের গুঁড়িগুলো আগে কাটা গাছের। এর মধ্যে কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিল। বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে কিছু গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে।
সিভিল অ্যাভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান ওঠানামার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, যৌথ পরিদর্শনে কার্নিভালের জন্য গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিমান চলাচলের নিরাপত্তার জন্য আগে কাটা গাছের গুঁড়ি ঘটনাস্থলে রয়েছে। এসব গাছ বন বিভাগের হিসাবে সংরক্ষিত। কার্নিভাল আয়োজনের কারণে কোনো গাছ কাটা হয়নি।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন নিজেদের জায়গায় তিন মাসব্যাপী পর্যটন কার্নিভালের আয়োজন করেছে। আয়োজকরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং পরিবেশের কোনো ক্ষতি করেননি।
দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঝড়ে উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করে বিক্রি করেছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। বিমান চলাচলের নিরাপত্তায় সিভিল অ্যাভিয়েশন গাছের ওপরের কিছু অংশ ছাঁটাই করেছে, যা বন বিভাগ অবগত রয়েছে।
পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না, ভবিষ্যতেও কাটা হবে না। 
ঝাউবন রক্ষার দাবিতে মানববন্ধন : প্রশাসনের যৌথ পরিদর্শনের দিনই গতকাল দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ঝাউবন রক্ষার দাবিতে মানববন্ধন করেন পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা। এতে সাবেক মেয়র সরওয়ার কামাল, পরিবেশবাদী কলিম উল্লাহ, নাজিম উদ্দীন, সুশীল সমাজের প্রতিনিধি এম কামালসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত ও উপকূলীয় ঝাউবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, উপকূলের পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সুরক্ষার অন্যতম রক্ষাকবচ। পর্যটন উন্নয়নের নামে কোনোভাবেই এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা যাবে না। তারা কার্নিভাল আয়োজনের বিরোধী নন, তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে আয়োজন করার দাবি জানান।
বক্তারা শৈবাল বিচের ঝাউবন সংরক্ষণ, গাছ কাটার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কার্নিভালের স্থান পরিবর্তনের দাবি জানান। একই সাথে শৈবাল বিচ কোনো অবস্থাতেই বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ না দেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি : মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- ঝাউগাছ কাটার সাথে জড়িত এবং অনুমতি প্রদানকারী দায়িত্বশীল ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, ঝাউবন ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন ও বালিয়াড়ি সুরক্ষায় কার্যকর উদ্যোগ, কার্নিভালের স্থান ঝাউবন থেকে সরিয়ে উন্মুক্ত স্থানে নেয়া এবং শৈবাল বিচ কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেয়া।