বিশ^বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে সমন্বয়ের ঘাটতির অভিযোগ
  • সময় বাঁচানোর অজুহাতে শিক্ষার্র্থীরা সুযোগ বঞ্চিত
  • বিষয়টি পুনর্বিবেচনার আশ^াস দিয়েছে ইউজিসি

সময় বাঁচানোর অজুহাতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেয়াই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।  চলতি বছরে উচ্চ শিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু হলেও বেশ কয়েকটি বিশ^বিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম এগিয়ে নেয়ার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষাতেই  অংশ নিতে পারছে না। ফলে একদিকে যেমন অভিভাবকদের মধ্যে একটি ক্ষোভ তৈরি হচ্ছে অন্য দিকে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে কয়েকটি বিশ^বিদ্যালয়ে আগে ভাগে ভর্তি কার্যক্রম শুরু করায় এবং একই দিনে একাধিক বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ায় এই শঙ্কা আরো বেশি দুশ্চিন্তায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। 
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, সময় বাঁচানোর নাম করে কিছু প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম লেজেগোবরে অবস্থা তৈরি করে ফেলেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ২০২৭ এই তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়া সম্ভব না হওয়ায় যেকোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন তারা।
এ দিকে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। যাতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারাও যেন আবেদন করতে পারেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাকে অনুরোধ করেছি, সময়সীমা আরো কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্মূল্যায়নের ফলাফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদনের সুযোগ পান। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীন রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের বিষয়গুলো। পাশাপাশি একই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন। অন্য দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’টি ইউনিটই মূলত মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে একই দিনে পরীক্ষা নির্ধারণ করায় উভয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করে। সেই সময়সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। পরে ১০ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। এতে খুবির ‘সি’ ইউনিটের পরীক্ষাও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এদিকে ১১ নভেম্বর ২০২৬ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচিতে সংঘাত তৈরি হয়েছে।
এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের দাবি, এক দিনে দেশের দুই প্রান্তে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে তারিখ ঘোষণা করেছি। চবি কিংবা খুবি আমাদের নোটিশটা ফলো করতে পারত। তারপরও ইউজিসির সাথে আলোচনা করে পরীক্ষা কমিটি এ বিষয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী।
এ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসান মিয়া জানান, যেহেতু আমরা আগেই ঘোষণা দিয়েছি। বর্তমান তারিখটাই বহাল থাকবে। আপাতত পরিবর্তনের সুযোগ দেখছি না। যদি পরিবর্তন করতে হয় তা হলে পরীক্ষা কমিটি আলোচনায় বসতে পারেন। এ বিষয়ে জানতে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি অবগত হয়েছি। দুই বিশ্ববিদ্যালয়কে বিষয়টি নিয়ে জানানো হবে। আশা করি সমস্যার সমাধান হবে।

Advertisement