
চট্টগ্রাম ব্যুরো
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরপূর্তি উৎসব। গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলাকে স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিরা। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কেক কাটা হয়। র?্যালির শুরুতে শান্তির পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট ও সিন্ডিকেট সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং সুধীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি একটি আনন্দের ও গৌরবের উপলক্ষ। বিশ্ববিদ্যালয়টির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ এবং বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থানও এর অন্যতম বিশেষত্ব। পাহাড়, সমুদ্র, নদীসহ চট্টগ্রামের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ বিশ্ববিদ্যালয়টিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে অপার সম্ভাবনা।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায়, সেটি নিয়ে এখন গুরুত্বের সাথে ভাবতে হবে। বিশেষ করে গবেষণার পরিধি বাড়ানো এবং গবেষণার ফলাফলকে শিল্প ও উৎপাদন খাতের সাথে যুক্ত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি খাতসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, গবেষণা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও এর অবস্থান আরো সুদৃঢ় করা সম্ভব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








