ঢাবিতে ৬৫ লাখ টাকা ব্যয়ে নারী শিক্ষার্থীদের ফিটনেস সেন্টার উদ্বোধন
ঢাবিতে ৬৫ লাখ টাকা ব্যয়ে নারী শিক্ষার্থীদের ফিটনেস সেন্টার উদ্বোধন।

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘ফিমেল ফিটনেস সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় এ ফিটনেস সেন্টারের উদ্বোধন করা হয়।
নারী শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং শরীরচর্চার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সুবিধা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, জিমনেসিয়াম কমিটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন হল সংসদের নেতারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।