বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য যাচ্ছে করতোয়া নদীতে
বগুড়ায় প্রতিদিন শত শত টন বর্জ্য ফেলা হচ্ছে করতোয়া নদীতে। এতে দূষিত হচ্ছে পরিবেশ : নয়া দিগন্ত।

মোস্তফা মোঘল বগুড়া

Advertisement

বগুড়া সদরের বাঘোপাড়া মহিষবাথান গ্রামের মানুষ কয়েক বছর আগেও করতোয়া নদীর পানি পান করতেন। ব্যবহার করতেন গৃহস্থালীর কাজে। সে দিন আর নেই; বরং নদী থেকে আসা দুর্গন্ধে ঘরেও টেকা দায় হয়ে পড়েছে গ্রামবাসীর। স্থানীয়দের অভিযোগ, নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের প্রতিদিনকার ২০০ টন আবর্জনা ফেলা হচ্ছে করতোয়া নদীর পাড়ের ভাগাড়ে। ভাগাড়ের নামে খোলা স্থানে ফেলা এসব আবর্জনার সরাসরি ফেলো হচ্ছে নদীতে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ।
বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য পরিবহনের ট্রাক ময়লা এনে এ ভাগাড়ে ফেলছে কনজারভেন্সি শাখার কর্মচারীরা। সে ময়লাগুলো এস্কেভেটর ও ড্রেজারের মাধ্যমে নদীর পাড়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ ময়লা সরাসরি গিয়ে পড়ছে করতোয়া নদীতে। নদীর পানি ও ময়লা মিশে দুর্গন্ধ তৈরি হচ্ছে। আবার নদীর পানি দূষণের ফলে এ এলাকায় নদীর স্বচ্ছ পানি কালো রঙ ধারণ করেছে। অথচ নদী বা কোনো জলাশয়ে বর্জ্য ফেলা আইনত নিষিদ্ধ। ২০২১ সালের পরিবেশ অধিদফতরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার ৭ বিধিতে বর্জ্য সৃজনকারী এবং ব্যবহারকারীর দায়িত্বে বলা হয়েছে, সিটি করপোরেশন, পৌর এলাকা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত বর্জ্য সৃজনকারী এবং ব্যবহারকারীকে নিজ কর্মস্থল বা আবাসস্থলে সৃষ্ট সব বর্জ্য স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতিতে ফেলতে হবে। বর্জ্যরে কোনো অংশ খোলা রাখা যাবে না। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব হিসেবে ১০-এর ২৭ নম্বর বিধিতে বলা হয়েছে কঠিন বর্জ্য দিয়ে ভূমি ভরাটস্থল নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ করতে হবে। ২০২১ সালের ৫ ডিসেম্বর নদী রক্ষা কমিশনের চাহিদার প্রেক্ষিতে পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয় নদী দূষণের একটি তালিকা করেছিল। সে তালিকাতে তৎকালীন বগুড়া পৌরসভাকে করতোয়া নদী দূষণকারী হিসেবে নোটিশও করা হয়। এ বিষয়ে একাধিকবার নোটিশ করা হলেও দিনের পর দিন চলা এ কাজে কারো কোনো ভ্রƒক্ষেপ নেই। 
মহিষাবাথান গ্রামের ৬০ বছর বয়সী আবদুল বারী জানালেন, ‘আমরা এ নদীর পানি খাওয়ার জন্য ব্যবহার করতাম। এখানকার মানুষের আগে এত টিউবওয়েল ছিল না। বাড়ির সব কাজ নদীর পানিতে করত; কিন্তু এখন পানি ব্যবহার তো দূরে থাক, দুর্গন্ধের জন্য নদীর কাছে যাওয়া যায় না।’
জহুরা নামে আরেক নারী বলেন, কয়েক বছর আগে পাশের আরেকটি জায়গায় ময়লা ফেলা শুরু করে পৌরসভার লোকজন। তখন থেকে নদীর পানি নষ্ট হয়ে গেছে। ওই জায়গা ভরাট হওয়ার পর এখন এই পাশে ফেলা হচ্ছে। আগে আমি জমি থেকে শাক তুলে নদীর পানিতে ধুয়ে বাড়িতে রান্না করেছি। পানি খাইছি আমরা। এখন এমন অবস্থা, দুর্গন্ধে আমাদের ঘরেও থাকা যায় না। শ্যামল নামে স্থানীয় এক যুবক বললেন, সিটি করপোরেশন থেকে ময়লা ফেলা হচ্ছে, এটা কি আদৌ দেখা হচ্ছে কি না? কোথায় ফেলা হচ্ছে, কি ফেলা হচ্ছে? মানুষের ক্ষতি হচ্ছে কি না? এগুলো দেখভাল করার কেউ নেই। অনেক নদীতে মাছ ধরে জীবিকা চালাতেন। তারা মাছ পাচ্ছেন না কয়েক বছর ধরে। যেমন দুর্গন্ধ হয়, তেমনি নদীর তলদেশে ময়লা জমে থাকে। এ কারণে কোনো জলজ প্রাণীও তেমন চোখে পড়ে না। 
সিটি করপোরেশনের ভাগাড়ে গিয়ে ট্রাকচালকদের সাথে কথা হয়। তারা জানালেন, ২৪টি ট্রাক প্রতিদিন ২০০ টনের মতো ময়লা নিয়ে আসে এ ভাগাড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ কাজ চলে। ট্রাকের ময়লাগুলো এসকেভেটরের সাহায্যে নদীর পাড়ের দিকে বিছিয়ে দিচ্ছিলেন সিটি করপোরেশনের কর্মচারী খোরশেদ আলম। তিনি জানালেন, সরাসরি নদীতে ময়লা ফেলি না। তবে এসকেভেটর দিয়ে ঠেলার সময় কিছু ময়লা যেতে পারে। 
পরিবেশ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ জানিয়েছেন, ‘বাঘোপাড়া এলাকার ভাগাড়ে এর আগেও আমরা পরিদর্শন করেছি। আবর্জনা পানিতে মিশলেই দুর্গন্ধ ছড়ায়। এখানেও একই ঘটনা ঘটছে। সম্প্রতি বগুড়া সিটি করপোরেশনের মিটিংয়ে বর্জ্য ব্যবস্থাপনা আমরা নিয়ে কথা বলেছি। তাদের বলেছি এভাবে খোলা স্থানে ময়লা না রেখে, নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা করতে।’ 
এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, ‘আমাদের নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন বা ভাগাড় নেই। আমরা জায়গা খুঁজছি। বর্তমানে বেসরকারি সংস্থা টিএমএসএসের জায়গায় আমরা ময়লা ফেলছি। ওরা যেখানে ফেলতে বলে সেখানে ফেলা হয়। তবে আপনি বলার পর আমি আমার স্টাফদের সাবধান করে দিয়েছি।’