পরিবার থেকে বিচ্ছিন্ন হাজারো শিক্ষক
  •  বদলি কার্যক্রমে দীর্ঘসূত্রতা, মা-বাবার সেবা থেকেও বঞ্চিত অনেকে
  •  ফল প্রকাশে অনিশ্চয়তা; স্থগিতাদেশ প্রত্যাহার সরকারের নীতিগত সিদ্ধান্ত- শিক্ষামন্ত্রী

বছরের পর বছর নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন তারা। কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন, কেউ অসুস্থ মা-বাবার পাশে থাকতে পারছেন না। অনেকের সন্তান বড় হচ্ছে বাবা কিংবা মায়ের সান্নিধ্য ছাড়াই। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হলেও প্রশাসনিক জটিলতায় তা এখন কার্যত স্থবির। অনলাইনে আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পার হলেও প্রকাশ করা হয়নি বদলির ফল। এতে চরম অনিশ্চয়তা ও হতাশায় পড়েছেন হাজারো শিক্ষক ও তাদের পরিবার।
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর সরকার বদলি নীতিমালা প্রণয়ন করলেও বাস্তবে এর সুফল মিলছে না। আবেদন গ্রহণ, শূন্য পদের তথ্য, সফটওয়্যারের অসংগতি ও নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় পুরো কার্যক্রম ঝুলে আছে। ফলে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আশায় থাকা শিক্ষকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
এ দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলিজনিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এক সংসদ সদস্য জানতে চান, এনটিআরসিএভুক্ত শিক্ষকদের বদলিজনিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে কি না এবং হলে কবে নাগাদ তা করা হবে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বদলিজনিত স্থগিতাদেশ প্রত্যাহার করা বা না করার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত।
১৩ হাজার ৬৭৭ আবেদন, ফল প্রকাশে অনিশ্চয়তা
গত ২৭ জানুয়ারি ২০২৬ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে ৬ মে নীতিমালাটি সংশোধন করা হয়। এর ধারাবাহিকতায় ২১ আগস্ট থেকে স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু হয়। কয়েক দফা সময় বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেয়া হয়।
সর্বশেষ তথ্যানুযায়ী বদলির জন্য আবেদন করেছেন ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক। অথচ বদলির জন্য প্রায় ৬২ হাজার শূন্য পদ চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ বিপুলসংখ্যক শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।
আবেদন গ্রহণ শেষ হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষকরা। সূত্র জানায়, বদলির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে শিক্ষামন্ত্রীর অনুমোদন না পাওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ ৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বদলি নিয়ে জটিলতা নিরসনের আগে ফল প্রকাশের সম্ভাবনা নেই।
প্রশাসনিক জটিলতায় আটকে বদলি
বদলি কার্যক্রম বিলম্বের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে আবেদনের তথ্য সংশোধন, আবেদন বাতিলের সুযোগ, শূন্য পদের প্রকৃত অবস্থা যাচাই এবং নিয়োগসংক্রান্ত জটিলতা।
মাউশি সূত্রের দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়া শূন্য পদের তথ্যের সাথে বাস্তবতার অমিল রয়েছে। কোথাও পদ শূন্য দেখানো হলেও সেখানে প্রকৃতপক্ষে শিক্ষক কর্মরত রয়েছেন। আবার এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের প্রতিস্থাপনের কারণে আগে শূন্য দেখানো কিছু পদ পূরণ হয়ে গেছে।
বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার বিপরীতে সুপারিশ পাওয়া ১৯৫ জন শিক্ষককে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ এসব পদে বদলির জন্য আগেই আবেদন করেছিলেন অন্য শিক্ষকরা। ফলে একই পদে নতুন নিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টির সমাধানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্য দিকে আবেদনকারীদের একাংশ আবেদন সংশোধন বা বাতিলের সুযোগ চেয়েছেন। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বদলির ফল প্রকাশ আটকে রয়েছে।
নীতিমালার অসংগতিতেও বঞ্চিত অনেকে
বদলি নীতিমালার বিভিন্ন শর্ত নিয়েও শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে সর্বজনীন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম নীতিমালার ছয়টি অসংগতি তুলে ধরে তা সংশোধনের দাবি জানিয়েছে।
শিক্ষকদের অভিযোগ, একই স্তরের প্রতিষ্ঠানে বদলির শর্ত, ম্যানুয়াল বদলির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সম্মতি এবং পুরনো শূন্য পদের তালিকা বদলির পথে বাধা তৈরি করছে। বিশেষ করে মাদরাসা শিক্ষকদের ম্যানুয়াল বদলির ক্ষেত্রে জটিলতা বেশি।
এ ছাড়া কলেজ পর্যায়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের পৃথক শ্রেণিবিন্যাসের কারণে অনেক শিক্ষক কাক্সিক্ষত প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন না। কোথাও বিষয় ও পদের নামের অসংগতির কারণে সফটওয়্যার আবেদন গ্রহণ করছে না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষক বদলির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, বদলির ক্ষেত্রে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠান পছন্দ দেয়ার সুযোগ, নিজ জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের জেলায় বদলির সুযোগ এবং চাকরিতে দুই বছর পূর্ণ হওয়ার শর্ত রয়েছে। এসব শর্তের কারণে অনেক শিক্ষকের কাক্সিক্ষত এলাকায় বদলির সুযোগ সীমিত হয়ে পড়েছে।
পরিবার থেকে বিচ্ছিন্ন, বাড়ছে আর্থিক চাপ : বদলি আটকে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকরা। কর্মস্থলে থাকার জন্য অনেক শিক্ষককে বাড়িভাড়া, যাতায়াত ও খাবারের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সীমিত বেতনে সংসার চালানোর পাশাপাশি অন্য এলাকায় থাকার খরচ বহন করতে গিয়ে তারা আর্থিক সঙ্কটে পড়ছেন।
বদলিপ্রত্যাশী কয়েকজন শিক্ষক জানান, তারা কেউই বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও দেখাশোনা করতে পারছেন না। কেউ সন্তানদের পড়াশোনা ও বেড়ে ওঠার সময় পাশে থাকতে পারছেন না। আবার নারী শিক্ষকদের অনেকেই সন্তান ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে কর্মস্থল ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন।
এ বিষয়টি ১৭ নভেম্বর জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: কেরামত আলী বদলির ফল প্রকাশে বিলম্বের বিষয়টি তুলে ধরে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন। তার বক্তব্যে শিক্ষকদের আর্থিক ও পারিবারিক দুর্ভোগের বিষয়টিও উঠে আসে।
সমাধান কোথায়? : শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, বদলি কার্যক্রমে দীর্ঘসূত্রতা শুধু শিক্ষকদের ব্যক্তিগত সঙ্কট নয়, এটি শিক্ষা প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতারও প্রশ্ন। একটি বদলি নীতিমালা প্রণয়নের পর তার বাস্তবায়নে এত দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়। দ্রুত শূন্য পদের তথ্য যাচাই, সফটওয়্যারের অসংগতি দূর এবং নিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যকার জটিলতার নিষ্পত্তি করা প্রয়োজন।
তাদের মতে, বদলির ক্ষেত্রে শুধু প্রশাসনিক নিয়ম নয়, শিক্ষকের পারিবারিক অবস্থা, কর্মস্থলের দূরত্ব, নারী শিক্ষকদের বাস্তবতা এবং দীর্ঘদিন দূরবর্তী এলাকায় কর্মরত থাকার বিষয়টিও বিবেচনায় নেয়া উচিত।
শিক্ষকদের দাবি, কোনো পদ নিয়ে জটিলতা থাকলে সেই পদে বদলি আটকে না রেখে অন্য প্রকৃত শূন্য পদে আবেদন করার সুযোগ দিতে হবে। পাশাপাশি আবেদন সংশোধনের সুযোগ, শূন্য পদের হালনাগাদ তালিকা এবং ফল প্রকাশের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে।

Advertisement