পাকিস্তানে ৪ প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা

দ্য নিউজ
পাকিস্তানের বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে নতুন করে ১৪টি প্রদেশ গঠনের একটি প্রস্তাব নিয়ে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। এই পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ ভেঙে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান ভেঙে তিনটি করে নতুন প্রদেশ তৈরি করা হতে পারে। একই সাথে রাজধানী ইসলামাবাদকে আলাদা প্রাদেশিক মর্যাদা দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। গতকাল বুধবার ‘দ্য নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসব তথ্য জানান। তিনি বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের একটি পরিকল্পনার কথা তিনি শুনেছেন। নতুন প্রদেশ গঠন নিয়ে চলমান বিতর্ক পর্যালোচনার লক্ষ্যে একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন বলে জানান আহসান ইকবাল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো সংস্কারের বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, রাজধানীর জন্য একটি বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব তাকে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আহসান ইকবাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর শাসনব্যবস্থা পর্যালোচনা করে তারা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র প্রশাসনিক কাঠামোর প্রস্তাব দিয়েছেন। ইসলামাবাদের জন্য একটি নিজস্ব আইন প্রণয়নকারী পরিষদ ও স্বশাসনব্যবস্থা থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

Advertisement