উত্তরপ্রদেশে নির্বাচনের আগে মথুরার কৃষ্ণমন্দির ইস্যু সামনে আনছে বিজেপি

ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মথুরার বিতর্কিত স্থানে বিশাল কৃষ্ণমন্দির নির্মাণের দাবিকে প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে দাঁড় করানোর কৌশল নিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোধ্যার রামমন্দির নির্মাণের পর এবার মথুরা ইস্যুতে দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে এই রাজনৈতিক পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। 
মঙ্গলবার মথুরায় বিজেপির দুই দিনব্যাপী নির্বাচনী কৌশল নির্ধারণী বৈঠকে অংশ নিয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, অযোধ্যা তাদের হয়েছে এবং এবার মথুরার পালা। এর আগে গত সোমবারও তিনি জানিয়েছিলেন, অযোধ্যার রামমন্দিরের আদলে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ মসজিদ এলাকায় এক বিশাল কৃষ্ণমন্দির নির্মাণ করা হবে এবং আদালতের রায় অথবা পারস্পরিক আলোচনার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
কট্টর হিন্দু জাতীয়তাবাদীদের দাবি, মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে একটি প্রাচীন মন্দির ভেঙে কৃষ্ণ জন্মস্থানের পাশে শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং ওই স্থানেই হিন্দুদের  দেবতা শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। বর্তমানে এই বিরোধের কেন্দ্রে রয়েছে ১৩ দশমিক ৩৭ একর জমির মালিকানা, যা মামলাকারীদের দাবি অনুযায়ী দেবতা শ্রীকৃষ্ণ বিরাজমানের সম্পত্তি। মথুরার এই বিষয়টিকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেশব প্রসাদ মৌর্য। তিনি মন্তব্য করেন, অখিলেশ যদি সত্যিই শ্রীকৃষ্ণের ভক্ত হন, তবে কৃষ্ণের জন্মস্থানে মন্দির নির্মাণের উদ্যোগে তারও যুক্ত হওয়া উচিত। মৌর্য আরো বলেন, কৃষ্ণমন্দির নির্মাণের কাজে অংশ নিলে হয়ত তার দলের নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে এবং ২০১৭ সালের মতো অন্তত কিছুটা রাজনৈতিক অবস্থান ধরে রাখা সম্ভব হবে। বিজেপির এই নতুন রাজনৈতিক তৎপরতা এমন এক সময়ে সামনে এলো, যখন রামমন্দির এবং মন্দিরের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে রয়েছে দলটি। একই সাথে আগামী ১২ ডিসেম্বর প্রথমবারের মতো রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে অখিলেশ যাদবের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষ্ণমন্দির ইস্যুতে অখিলেশকে চাপে ফেলার পেছনে বিজেপির সুনির্দিষ্ট রাজনৈতিক হিসাব রয়েছে। যাদব সম্প্রদায়ের সাথে শ্রীকৃষ্ণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় এবং অখিলেশ নিজেও বিভিন্ন সময় যদুবংশীয় পরিচয় তুলে ধরায়, মন্দির নির্মাণের দাবিতে তাকে প্রকাশ্যে অবস্থান নিতে বাধ্য করতে চাইছে বিজেপি। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হতে অখিলেশ অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি), দলিত ও সংখ্যালঘুদের নিয়ে যে ‘পিডিএ’ জোটের ওপর নির্ভর করছেন, সেখানে এই ইস্যুতে সরাসরি অবস্থান নিলে সংখ্যালঘু ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে।

Advertisement