নেসেটের স্পিকার হারালেন নেতানিয়াহু তবু অনিশ্চিত বিরোধীদের সরকার গঠন

সিএনএন
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচনে পরাজিত হয়ে রাজনৈতিকভাবে আরো কোণঠাসা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানা স্পিকার নির্বাচিত হওয়ায় আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমের ওপর বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তবে আইনসভার নিয়ন্ত্রণ পেলেও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের পথে এখনো বড় ধরনের অভ্যন্তরীণ বাধার মুখে রয়েছে বিরোধী জোট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গাদি আইজেনকটের ‘ইয়াশার’ পার্টির নেতা মাতান কাহানা নেসেটের ২৬তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন। নেসেটের মুখপাত্র জানিয়েছেন, কাহানার পক্ষে ৬৬ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন; বিপরীতে লিকুদ পার্টির প্রার্থী ও ক্ষমতাসীন জোটের হুইপ ওফির কাৎজ পেয়েছেন ৫২ ভোট। এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের পরিবর্তে প্রত্যেক প্রার্থীর পক্ষে আলাদাভাবে ভোট গ্রহণ করা হয়।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইনসভার নিয়ন্ত্রণ নিতে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের এটিই প্রথম বড় সাফল্য। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী ও অতি-রক্ষণশীল জোটের দখলে রয়েছে ৫৩টি আসন। অন্য দিকে বিরোধীদের হাতে রয়েছে ৬৭টি আসন, যার মধ্যে চারটি ইহুদি দলের আসন ৪৮টি এবং বাকি ১৯টি আসন পেয়েছে দু’টি আরব দল- জয়েন্ট লিস্ট ও রা’আম। ইসরাইলি পার্লামেন্টের ইতিহাসে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসন প্রাপ্তির রেকর্ড। চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। নতুন সরকার গঠনের জন্য তার হাতে এখনো সর্বোচ্চ সাড়ে চার সপ্তাহ সময় রয়েছে। তবে সরকার গঠনের রূপরেখা নিয়ে বিরোধী জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। এরই মধ্যে নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশন, গুরুত্বপূর্ণ পদ এবং আইন প্রণয়নের কর্মসূচির নিয়ন্ত্রণ নিয়েছে আইজেনকটের জোট। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগপর্যন্ত ক্ষমতায় থাকা নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে তারা এই ক্ষমতা কাজে লাগাতে চায়। কাহানার এই বিজয়কে ‘যথাযথ গণতান্ত্রিক পদক্ষেপ’ অভিহিত করে আইজেনকট বলেন, এর মধ্য দিয়ে পরিবর্তনের পক্ষে ভোট দেয়া সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে।

Advertisement