মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে অচলাবস্থা

সিএনএন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়জন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। নেটওয়ার্কটি সচল করার কাজ চলমান থাকায় গত মঙ্গলবার রাতে সংস্থাটির অধিকাংশ কর্মীকে এনএসএ সদর দফতরে প্রবেশ করতে নিষেধ করা হয়। কেবল জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদেরই সেখানে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। কর্মীদের উদ্দেশে দেয়া এনএসএ’র একটি অভ্যন্তরীণ অডিও বার্তা ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শুরুতে কর্মীদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার অনুমতি দেয়া হলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। এর আগে নেটওয়ার্কের ত্রুটি মেরামতের কাজ চলাকালীন কর্মীদের পর্যায়ক্রমে দফতরে আসার নির্দেশনা দেয়া হয়েছিল।
অচল হয়ে পড়া এই নেটওয়ার্কটির নাম ‘এনএসএনেট’, যার মাধ্যমে সংস্থার কর্মীরা নিজেদের মধ্যে অত্যন্ত গোপনীয় তথ্য আদান-প্রদান করে থাকেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বিপর্যয়ের পেছনে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। গত মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের সময় তাদের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় সাময়িক ত্রুটি দেখা দিয়েছে। তবে সংস্থার গুরুত্বপূর্ণ কার্যক্রম ও জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতা পুরোপুরি সচল ও অক্ষুণœ রয়েছে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ বা যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যক্রম চালু রাখতে এনএসএ’র অবকাঠামোয় একাধিক স্তরের বিকল্প ব্যবস্থা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্কটি মেরামতের কাজ চললেও তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নেটওয়ার্ক অচল হওয়ার কারণ ব্যাখ্যা করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন গত মঙ্গলবার বিকেলে ফক্স বিজনেসকে বলেন, গত মাসে সফটওয়্যারে বড় ধরনের কিছু নিরাপত্তা দুর্বলতা ধরা পড়েছিল। সেগুলো সংশোধনের জন্য এনএসএ একটি ‘প্যাচ’ বা হালনাগাদ সংস্করণ প্রয়োগ করে; কিন্তু সফটওয়্যার হালনাগাদের পর দেখা যায়, কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী আর কাজ করছে না। এনএসএ’র ক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটেছে।
ক্লেটন উল্লেখ করা এই সফটওয়্যার দুর্বলতা মূলত ‘পিএইচপি’ নামক একটি প্রোগ্রামিং ভাষার সাথে সম্পর্কিত, যা বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত হয়। সম্প্রতি গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে এসব ত্রুটি কাটিয়ে ওঠার পথ বের করেছেন, যার ফলে বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তা সংশোধনে তৎপর হয়েছে। এনএসএ নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানকে হালনাগাদ সংস্করণ ব্যবহারের আহ্বান জানিয়েছিল। উল্লেখ্য, পিএইচপির এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ করে মেমোরিতে থাকা পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। সাম্প্রতিক এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ মেলেনি বলে পুনরায় নিশ্চিত করেন ক্লেটন। এ দিকে মার্কিন প্রশাসনের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এনএসএনেট অচল হলেও বর্তমানে এশিয়া সফরে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছাতে কোনো বিঘœ ঘটবে না। ফিলিপাইন সফর শেষে বর্তমানে চীনে অবস্থানরত ট্রাম্পের সাথে এয়ারফোর্স ওয়ানে নিরাপদ যোগাযোগের জন্য একাধিক বিকল্প ও ব্যাকআপ নেটওয়ার্ক চালু রয়েছে। এনএসএ’র এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এনএসএনেট একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হওয়ায় এবং বিকল্প ব্যবস্থা থাকায় পুরো নেটওয়ার্ক অচল হওয়ার ঝুঁকি কম।
মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএ সদর দফতরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণে তিন স্তরের সতর্কতাব্যবস্থা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সকালে এক অডিও বার্তায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘কোড ইয়েলো’ জারি করে সাধারণ কর্মীদের পর্যায়ক্রমে আসার নির্দেশ দেয়া হয়। এরপর সন্ধ্যায় ‘কোড গ্রিন’ ঘোষণা করে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে বলা হলেও রাতে পুনরায় সঙ্কেত পরিবর্তন করে ‘কোড অরেঞ্জ’ জারি করা হয়। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধিকাংশ কর্মীর জন্য দফতর বন্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে এমন এক সময়ে ত্রুটি দেখা দিলো, যখন দেশটির বিমান চলাচল ও অন্যান্য প্রযুক্তি খাতে একের পর এক বিপর্যয় ঘটছে। গত শুক্রবার আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটির কারণে কয়েক ঘণ্টা যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকে, ফলে হাজারো ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়। এ ছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের আউটলুক ও টিমস সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয় এবং গত সোমবার চেজ ব্যাংকের হাজারো গ্রাহক অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার মুখে পড়েন।

Advertisement