বহুমেরু বিশ্বব্যবস্থায় নেতৃত্ব দিতে চায় চীন-রাশিয়া
বহুমেরু বিশ্বব্যবস্থায় নেতৃত্ব দিতে চায় চীন-রাশিয়া।

 রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ও বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের আগেই দ্বিপক্ষীয় আলোচনায় বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেইজিং ও মস্কোর মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্বব্যবস্থায় বহুমেরুকেন্দ্রিকতা প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো একক শক্তির আধিপত্যের বদলে একাধিক শক্তির ভারসাম্যপূর্ণ প্রভাব গড়ে তুলতে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন দুই রাষ্ট্রপ্রধান। এর আগে এপেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান শি জিনপিং। অন্য দিকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন ভøাদিমির পুতিন। সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি জিনপিং বিশ্ববাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার প্রতি দৃঢ় সমর্থন জানানোর আহ্বান জানান। অবাধ বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক শিল্প উৎপাদন ও সরবরাহ চেইন সচল রাখার ওপরও জোর দেন তিনি।
চীনা প্রেসিডেন্ট আরো জানান, তার দেশ আমদানি শুল্ক হ্রাস করবে এবং বিদেশী ব্যবসা ও বিনিয়োগের জন্য নিজেদের বাজার আরো উন্মুক্ত করবে। একই সাথে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে বেইজিংয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিদেশী পণ্যের ওপর বাণিজ্যিক বাধা সৃষ্টি এবং যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা চীন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি। অন্য দিকে নিজের বক্তব্যে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক আধিপত্য বিস্তারের নীতির কড়া সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, এসব পদক্ষেপ রাশিয়াকে দুর্বল করার পরিবর্তে উল্টো আরো শক্তিশালী করেছে। নিষেধাজ্ঞা, শুল্ক বা রফতানি বিধিনিষেধ আরোপ করে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে রাখা যায় না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, অন্য দেশকে অর্থনৈতিক চাপে রেখে নিজেদের স্বার্থ হাসিলের প্রচলিত কৌশল এখন আর আগের মতো কার্যকর নেই। এ দিকে শি ও পুতিনের এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা আরো গতি পেয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সাথে বৈঠক শেষে ট্রাম্পের চীনে পৌঁছানোর কথা রয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এপেক সম্মেলনের ফাঁকে শি, পুতিন ও ট্রাম্পের মধ্যে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসন্ন এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে মার্কিন সামরিক অভিযান, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরাশক্তিগুলোর সম্ভাব্য এই বৈঠককে কেউ কেউ ১৯৪৫ সালের ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলনের’ সাথে তুলনা করছেন, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণ করেছিলেন। তবে এমন তুলনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। রুশ প্রশাসনের মতে, এই তুলনা রাজনৈতিক বিশ্লেষকদের নিজস্ব ভাবনা হলেও আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকটি বিশ্বরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Advertisement