লাশ উদ্ধার, হাসপাতাল
লাশ উদ্ধার। নয়া দিগন্ত

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইনে মদিনা মসজিদ রোড এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ জনি (২৯) নামের এক যুবকের রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আল-আমিন খান জানান, আমরা খবর পেয়ে পূর্ব জুরাইন শ্যামপুর ব্রিজ মদিনা মসজিদ রোডসংলগ্ন একটি ভবনের দ্বিতীয়তলা থেকে রক্তাক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আমরা প্রতিবেশীর সাথে কথা বলে জানতে পারি নিহত যুবক অটো রিকশাচালক ছিলেন। পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে তালা বন্ধ করে রেখে যায়। এই ঘটনায় ওই রুম থেকে একটি সিজার ও ইয়াবা সেবনকারীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত মোহাম্মদ জনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর এলাকার মো: জাহাঙ্গীরের ছেলে। বর্তমানে পূর্ব জুরাইন শ্যামপুর ব্রিজ মদিনা মসজিদে পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ বছরের একটি সন্তান রয়েছে।

বাসার মালিক শিখা আক্তার জানান, নিহত জনির স্ত্রী রোকেয়া আক্তার এক সপ্তাহ আগে তার স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে বাবার বাসায় চলে যায়। সকালের দিকে বাসায় এসে আমাকে রুম খুলে দিতে বললে রুমের তালা বন্ধ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ফ্লোর থেকে জনির অর্ধগলিত লাশ উদ্ধার করে।