
একসময় ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরির ছোট একটি উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছিলেন শিব নাদার। আজ সেই প্রতিষ্ঠানটিই বিশ্বের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি জায়ান্ট ‘এইচসিএল টেকনোলজিস’।
ভারতের তথ্যপ্রযুক্তি খাতের এই পথিকৃৎ উদ্যোক্তা কেবল ব্যবসার সফলতাই পাননি, বরং শিক্ষা ও সমাজকল্যাণে বিপুল অর্থ ব্যয় করে গড়ে তুলেছেন অনন্য দৃষ্টান্ত।
তামিলনাড়ু থেকে প্রযুক্তি জগতের পথে যাত্রা
১৯৪৫ সালের ১৪ জুলাই ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শিব নাদার। তার বাবা শিবসুব্রামানিয়া নাদার এবং মা ভামাসুন্দরী দেবী। দক্ষিণ ভারতের স্থানীয় ভাষা তামিলেই তার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষার পরিবেশ তৈরি হয়েছিল। জীবনের ২২ বছর বয়স পর্যন্ত ইংরেজিতে খুব বেশি কথা বলতেন না তিনি।
পরবর্তী সময়ে মাদুরাইয়ের আমেরিকান কলেজে প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করেন নাদার। এরপর কোয়েম্বাটুরের পিএসজি কলেজ অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার গল্প
প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ এবং নতুন কিছু করার প্রবল আকাঙ্ক্ষা শিব নাদারকে চাকরির গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার পথে নিয়ে যায়। কর্মজীবনের শুরুতে তিনি ডিসিএম গ্রুপের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে কাজ শুরু করেন। সেখানেই পরিচয় হয় কয়েকজন সহকর্মীর সাথে, যারা পরবর্তীতে তার ব্যবসায়িক জীবনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠেন।
ছোট উদ্যোগ থেকে বিশাল এইচসিএল সাম্রাজ্য
১৯৭৬ সালে পাঁচ বন্ধুকে সাথে নিয়ে শিব নাদার প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান কম্পিউটারস লিমিটেড বা এইচসিএল। দিল্লির একটি ছোট পরিসরে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। সে সময় ভারতের প্রযুক্তি খাত আজকের মতো বিস্তৃত ছিল না এবং কম্পিউটারও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে।
নাদার ও তার সহপ্রতিষ্ঠাতারা দূরদর্শিতার সাথে বুঝতে পেরেছিলেন যে, মাইক্রোপ্রসেসরই ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দেবে। সেই ধারণা থেকেই তারা ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরির উদ্যোগ নেন। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদন এবং সফটওয়্যার সেবায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করে।
হার্ডওয়্যার নির্মাতা হিসেবে যাত্রা শুরু করলেও পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এইচসিএল আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সেবা খাতে শক্ত অবস্থান তৈরি করে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর কর্মীসংখ্যা ২ লাখ ২৩ হাজারের বেশি। ২০২০ সালে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়ে মেয়ের হাতে নেতৃত্ব তুলে দেন নাদার। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমেরিটাস ও কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পদের পাহাড় ও বিশ্ব ধনীদের তালিকায় অবস্থান
দীর্ঘ ও সফল ব্যবসায়িক জীবনে শিব নাদার ভারতের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। ২০২৬ সালের ১৪ নভেম্বরের হিসাব অনুযায়ী, ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকায় তার মোট সম্পদের পরিমাণ ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্ব ধনীদের তালিকায় তার অবস্থান ৭৩তম।
তার এই বিশাল সম্পদের প্রধান উৎস তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা। এইচসিএলের বিশ্বব্যাপী বিস্তার ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তার সম্পদ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। তবে কেবল ব্যবসার সম্প্রসারণ নয়, সময়ের আগেই প্রযুক্তির সম্ভাবনা বুঝতে পারার অসাধারণ দক্ষতাও তাকে অন্য উদ্যোক্তাদের থেকে আলাদা করেছে।
শিক্ষার প্রসারে বিপুল বিনিয়োগ
শিব নাদারের পরিচয়ের আরেকটি উজ্জ্বল দিক হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। বিশেষ করে শিক্ষা খাতে বিনিয়োগ ও মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তিনি সমাজে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে চেয়েছেন।
১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘শিব নাদার ফাউন্ডেশন’। এর মূল লক্ষ্য ছিল মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো এবং আর্থসামাজিক বৈষম্য কমিয়ে মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা। তার দৃঢ় বিশ্বাস, শিক্ষা মানুষের জীবন বদলে দেয়ার সবচেয়ে কার্যকর হাতিয়ারগুলোর একটি।
এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশনটি বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও উদ্যোগ গড়ে তুলেছে:
১৯৯৬: চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয় এসএসএন কলেজ অব ইঞ্জিনিয়ারিং।
২০০৯: গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে চালু হয় বিদ্যাজ্ঞান লিডারশিপ অ্যাকাডেমি।
২০১০: শিল্প ও সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠা করা হয় কিরণ নাদার মিউজিয়াম অব আর্ট।
২০১১: উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয় শিব নাদার ইউনিভার্সিটি।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত শিব নাদার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮৩ কোটি ডলার বিনিয়োগ করেছেন। এই উদ্যোগের ফলে প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীর জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে।
বর্তমানে ফাউন্ডেশনটির অধীনে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উদ্যোগে ২৩ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী এবং ৩ হাজার ৬০০-এর বেশি শিক্ষক ও কর্মী যুক্ত রয়েছেন।
সূত্র: ফোর্বস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








