
নয়া দিগন্ত ডেস্ক
দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু ও হামের উপসর্গে সমান পাঁচজন করে মারা গেছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৭ জন। এ ছাড়া হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩০ জন
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে গতকাল
সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৮৮ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের গতকালের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৩৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৯ হাজার ৫২৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪৪৪ জন। এ ছাড়া বরিশালে ৩০৮ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করে ঢাকা ও সিলেট বিভাগে এবং একজন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩০ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্তদের মধ্যে এক হাজার ১৪৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ২১৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৫০ হাজার ৭১৩ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৫ হাজার ৫২৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ২৪১ জন। চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৬৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৯, চট্টগ্রামে ১৩৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯৬, বরিশালে ৮৯, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








