আইনজীবী রঞ্জুর ওপর হামলা গুরুত্বসহকারে দেখছে সরকার

সংসদ প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। 
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিন গতকাল মঙ্গলবার ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
বিবৃতিকালে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেন, বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটি সরকার গুরুত্বসহকারে দেখবে। 
আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচারও হবে। একই সাথে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে।
আইনমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেয়া হবে।
হাদি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিবৃতি দাবি নাজিব মোমেনের
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা সোমবার আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাকে ছাড় দেয়া হয়নি।
তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে আছেন। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করেছিলেন। একই সাথে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করেছিলেন।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাদের বিবৃতি প্রত্যাশা করেন তিনি।

Advertisement