রাতের ঢাকায় নাশকতা, বাসে আগুন ককটেল বিস্ফোরণ

 নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে অস্ত্রলুট ও থানায় আগুনের পর রাজধানীতে ব্যাপক নাশকতা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যার পর রাজধানীর পল্লবী, মহাখালী, বসিলা, রামপুরা ব্রিজ ও বাড্ডা এলাকায় কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।  
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা হোসেন মার্কেট এলাকায় পৃথক ঘটনায় কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিন রাত পৌনে ৯টা থেকে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ওসি মো: জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
অন্য দিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো: শাহজাহান তিনটি বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে সন্ধ্যার পরপরই রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও বনানীর ১১ নম্বরে একটি পুলিশ ফাঁড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টায় মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাঁচাবাজারের মেইনগেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী মাথায় হেলমেট পরে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ীর ফ্লাইওভার থেকে সামাদ মার্কেটের সামনে দু’টি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।