২০ ইঞ্চি উঁচু ছত্রাক!
২০ ইঞ্চি উঁচু ছত্রাক!।

 নয়া দিগন্ত ডেস্ক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের গভীর বনে সন্ধান মিলেছে অদ্ভুত আকৃতির এক বিশাল ছত্রাকের। দেখতে অনেকটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসা হাতের মতো। উচ্চতায় প্রায় ২০ ইঞ্চি বা ৫০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এটি। আর ওজন হতে পারে প্রায় ৫ পাউন্ড বা ২ দশমিক ২ কেজি।
বিজ্ঞানীরা নতুন প্রজাতিটির নাম দিয়েছেন ‘ডিয়ানজুনাস রেক্স’। সংক্ষেপে এর ডাকনাম ‘ডি-রেক্স’। গবেষকদের ধারণা, এর বিবর্তনীয় বংশধারার সূচনা প্রায় ছয় কোটি ৫০ লাখ বছর আগে, ডাইনোসর বিলুপ্তির পরপরই। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ওয়্যার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনা একাডেমি অব সায়েন্সেসের অধীন কুনমিং ইনস্টিটিউট অব বোটানির গবেষকেরা নতুন প্রজাতিটি শনাক্ত করেছেন। 
গবেষকেরা ইউনান প্রদেশের নানবান গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনে অনুসন্ধান চালানোর সময় ছত্রাকটির সন্ধান পান। মাটির নিচে থাকা গাছের শিকড়ের কাছাকাছি সাদা রঙের বড় বড় কাঠামো তাদের নজরে আসে। এগুলো বিভিন্ন আকৃতির- কখনো নলাকার, কখনো চরকার মতো, আবার কখনো হাতের তালুর মতো। পরিণত অবস্থায় এগুলোর শাখা আঙুলের মতো ছড়িয়ে পড়ে। ছত্রাকটির মাটির ওপরে থাকা অংশ সাদা গুঁড়ার মতো তন্তুতে ঢাকা থাকে। বয়স বাড়ার সাথে সাথে সেই অংশের রঙ গাঢ় হলুদ হয়ে যায়। অন্য দিকে মাটির নিচে থাকা অংশ কালো ও মসৃণ।
ছত্রাকটির সবচেয়ে চমকপ্রদ দিক এর প্রাচীন বিবর্তনীয় ইতিহাস। গবেষকরা ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে ‘মলিকিউলার ক্লক’ বা আণবিক ঘড়ি পদ্ধতি ব্যবহার করে এর বংশধারার বয়স অনুমান করেছেন। তাদের হিসাব অনুযায়ী, প্রায় ছয় কোটি ৫০ লাখ বছর আগে অন্যান্য ছত্রাকের বংশধারা থেকে এর পূর্বপুরুষদের বিবর্তনীয় পথ আলাদা হয়ে যায়।
ছত্রাকটি কেন এত বিশাল আকার ধারণ করে, তার সুনির্দিষ্ট উত্তর এখনো পাননি বিজ্ঞানীরা। তবে একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন গবেষণার প্রধান লেখক ও কুনমিং ইনস্টিটিউট অব বোটানির সহযোগী অধ্যাপক ইন্দুনিল সি সেনানায়েকে। তার ধারণা, ছত্রাকটি হয়ত জীবিত গাছের ভেতরে বসবাস করে এবং গাছ মারা গেলে তার জৈব পদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে।

Advertisement