খুলনায় স্বামী-স্ত্রী ও বগুড়ায় ২ ইউপি সদস্য নিহত

নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় খুলনায় স্বামী-স্ত্রী এবং বগুড়ায় দুই ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ ও নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো তিনজন।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনের এই দুর্ঘটনায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার সরকার (৫৭) ও তার স্ত্রী হান্না সরকার (৪৫) নিহত হন। এ সময় বাসের ধাক্কায় বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা (১৮) আহত হয়েছেন। খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা, ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ির সামনে মোংলা থেকে সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়া মোটরসাইকেলকে (সাতক্ষীরা-হ-১৮-২৫০৩) সাতক্ষীরাগামী (বগুড়া-জ-১১-০০৩৮) একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকার এবং বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকারকে মৃত ঘোষণা করেন। 
বগুড়া অফিস জানায়, বগুড়ায় দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। কাহালুতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০), ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭০) ও ট্রাকচালক ওবায়দুল ইসলাম (২৭)। আহত ব্যক্তির নাম আব্দুল মকিম (৬৫)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এবং নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় দু’টি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল বাসেদ ও বাবর আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মকিমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার নন্দীগ্রামে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ওবায়দুল ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার পরচকক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বালুবাহী দু’টি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে কুন্দারহাট বাজার এলাকায় পেছনের ট্রাকটি সামনের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ওবায়দুল ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত চালকের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায়, ঢাকাগামী দু’জন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে আরোহী দু’জনের মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ট্রাকটির সন্ধান মেলেনি। 
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে  পড়ে রিপন (২৯) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ইউনিয়নের  ডালসড়ক এলাকায় আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন (২৯) পাবনা জেলার ইসলামপুর গ্রামের রনির ছেলে। আহত ট্রাকচালক মাসুদ একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের  ডালসড়ক এলাকার আয়চান ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়।  এতে ট্রাকের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার  অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় চালক মাসুদকে উদ্ধার করে নাটোর আধুনিক জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement