
জামান সরকার হেলসিংকি (ফিনল্যান্ড)
ফিনল্যান্ডের হাড়কাঁপানো শীতের মধ্যে রাজধানী হেলসিংকিতে বসেছিল এক টুকরো বাংলাদেশ। বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, দেশীয় খাবারের সমাহার আর প্রবাসী বাংলাদেশীদের প্রাণখোলা আড্ডায় মুখর হয়ে উঠেছিল আয়োজনস্থল। সব মিলিয়ে গত রোববার অনুষ্ঠিত ‘পিঠা মেলা ২০২৬’ পরিণত হয় প্রবাসীদের এক আনন্দঘন মিলনমেলায়।
প্রবাসের কর্মব্যস্ত জীবনে এ আয়োজন যেন কিছুক্ষণের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা শৈশব, গ্রামবাংলার শীতের সকাল আর মায়ের হাতের তৈরি পিঠার স্মৃতিতে।
মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলি, দেশীয় খাবার এবং বিভিন্ন পণ্যের স্টল। বাহারি পোশাকে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে মেলায় হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা। তিনি মেলায় অংশ নেন এবং বাংলাদেশী কমিউনিটির সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। তার উপস্থিতি সাংস্কৃতিক এ আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম ও নুরুজ্জামান ভূইয়াঁসহ অন্যরা।
বক্তারা প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ফিনল্যান্ডে জন্ম নেয়া কিংবা বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শিকড়ের সাথে পরিচিত করাতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, পিঠা মেলা কেবল পিঠাপুলি খাওয়া কিংবা কেনাবেচার আয়োজন নয়; এটি প্রবাসী বাংলাদেশীদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখারও গুরুত্বপূর্ণ মাধ্যম।
মেলার বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড়, পরিচিতজনদের সাথে কুশল বিনিময় এবং পরিবারগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে, হাজার মাইল দূরে থেকেও বাঙালির হৃদয়ে নিজের দেশের সংস্কৃতি কতটা গভীরভাবে জায়গা করে আছে।
প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্যও আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সামাজিক সংস্কৃতির সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায় তারা। একই সাথে ফিনল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার উপলক্ষ হয়ে ওঠে মেলাটি।
আয়োজকদের এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরো দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
দিন শেষে পিঠা মেলা কেবল একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছিল স্মৃতি, আবেগ আর শিকড়ের টানে একত্র হওয়ার উপলক্ষ। ফিনল্যান্ডের হিমশীতল আবহাওয়ায় পিঠার ঘ্রাণ, বাংলার রং আর মানুষের ভালোবাসায় হেলসিংকির বুকে যেন প্রাণ ফিরে পেয়েছিল এক টুকরো বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








