
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠান শেষে এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন বলে দাবি করেছেন এনসিপির নেতারা।
তারা বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেয়া আওয়ামী লীগের কর্মীরা কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে এ হামলা চালায়। তবে হামলার সময় নাহিদ ইসলামসহ বেশির ভাগ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম দেশে আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের জন্য বর্তমান সরকারকে দায়ী করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্য ও নাশকতা ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপির একটি অংশ বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেয়ার চেষ্টা হয়েছে। অথচ এখন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সামনে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে।
এ সময় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করেছেন।
হামলা নিয়ে যা বলেন নেতারা
হামলার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানান নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের কর্মীরা কিছুটা উৎপাত করলেও অনুষ্ঠান পণ্ড করতে পারেননি। পরে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাদের ওপর কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
নাহিদ ইসলামও তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে হামলার নিন্দা জানান। তিনি বলেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এহতেশাম হক, আলাউদ্দীন মোহাম্মদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








