প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে : জাতিসঙ্ঘের উপ-মুখপাত্র

কূটনৈতিক প্রতিবেদক
জাতিসঙ্ঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, সবধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে একই সাথে জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগ সমর্থকরা গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও  বেশি শাখায় হামলা চালিয়েছে। এটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একটি ব্যাংক। মনে হচ্ছে, ব্যাংকটির প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়েছেন, তার ওপর ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জাতিসঙ্ঘ কি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে? 
ব্রিফিংয়ের শুরুতে ফারহান হক বলেন, জাতিসঙ্ঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ যৌথভাবে দু’টি নতুন গবেষণা প্রকাশ করেছে। এতে সতর্ক করা হয়েছে, অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ার ফলে শরণার্থীরা, বিশেষ করে শিশুরা পাচার, শোষণ ও নির্যাতনের উচ্চ ঝুঁঁকিতে পড়ছে। বাংলাদেশ ও ইথিওপিয়াকে কেন্দ্র করে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, সুরক্ষা পরিষেবা ও প্রয়োজনীয় সহায়তা কমিয়ে ফেলার ফলে শরণার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থাগুলো দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে মানবপাচারের ঘটনা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভুক্তভোগীদের মধ্যে শিশুদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইথিওপিয়াতেও অর্থায়ন হ্রাসের ফলে শিশু সুরক্ষা পরিষেবাগুলো ব্যাপকভাবে সঙ্কুুচিত হয়েছে, যার মধ্যে অভিভাবকহীন বা পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের জন্য দেয়া সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। ইউএনএইচসিআর সতর্ক করেছে যে, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়স্থল এবং শিশু সুরক্ষাসহ বিভিন্ন সুরক্ষা পরিষেবা হলো শোষণ থেকে বাঁচার অন্যতম শক্তিশালী রক্ষাকবচ। বর্তমানে বিশ্বজুড়ে তাদের শিশু সুরক্ষা কর্মসূচিগুলোর জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ২৫ শতাংশ পাওয়া গেছে। তাই শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনএইচসিআর দীর্ঘস্থায়ী, নমনীয় এবং সুনিশ্চিত অর্থায়নের আহ্বান জানিয়েছে।