
বিশেষ সংবাদদাতা
ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবাকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এবং তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন রফতানি খাত গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে বলা হয়েছে ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে সব সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আসা আট সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।
১৪ দিনে ব্যবসায়িক অনুমোদন নিশ্চিত করার উদ্যোগ
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরের নাগরিক ও ব্যবসায়িক সেবাগুলো ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস তথা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে অনলাইনে প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সংগ্রহের জন্য একাধিক দফতরে দৌড়াতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই দীর্ঘসূত্রতা দূর করে পুরো প্রক্রিয়াটি মাত্র ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
রফতানিতে নতুন খাতের বিকাশ
রফতানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে বের করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রফতানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
এফটিএ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এর অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট ‘আরসিইপি’-তে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
একইসাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ এবং প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় নীতিগত ও কারিগরি সহায়তা দেয়ার জোরালো আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণকে সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সাথে সম্পৃক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থানের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে।
বৈঠকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ভিয়েতনামের অভিজ্ঞতার আলোকে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের প্রকৃত রফতানি আয় ও কর্মসংস্থান বহুগুণ বৃদ্ধি পাবে।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








