
মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ। চারদিকে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি, বিস্তীর্ণ চর, সারি সারি সবুজ বনাঞ্চল আর বন্য প্রাণীর অবাধ বিচরণ- সব মিলিয়ে দ্বীপটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। অথচ অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। চারদিকে বেড়িবাঁধ না থাকায় সামুদ্রিক জোয়ারে তলিয়ে যায় বাড়িঘর, ভেসে যায় ফসলি জমি। আধুনিক যানবাহন তো দূরের কথা, দ্বীপের অনেক এলাকায় রিকশাও চলাচল করতে পারে না। ইউনিয়ন হিসেবে প্রশাসনিক স্বীকৃতি পেলেও নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে এখনো পিছিয়ে রয়েছে এলাকাটি। দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত দ্বীপবাসীর জীবন।
১৯৪৪ সালের নভেম্বর মাসে বঙ্গোপসাগরে মাছ ধরতে আসা একদল জেলে প্রথম এই দ্বীপের সন্ধান পান। গাছের ডালপালা কেটে অস্থায়ী ঘর তৈরি করে তারা সেখানে রাতযাপন শুরু করেন। দ্বীপের চারপাশের সাগর ও নদীতে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত। এ কারণে জেলেরা দ্বীপটির নাম দেন ‘ইছামতির দ্বীপ’। স্থানীয়ভাবে চিংড়ি মাছকে ইছা মাছ বলা হতো।
১৯৪৫ সালে হাতিয়া থেকে কয়েকটি পরিবার এসে এখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও চাষাবাদ শুরু করে। উর্বর মাটির কারণে ফসলের ফলনও ছিল ভালো। বছরে তিনটি পর্যন্ত ফসল উৎপাদন করা সম্ভব হতো। কিন্তু দ্বীপের চারপাশে বেড়িবাঁধ না থাকায় সামুদ্রিক জোয়ারের পানি হু হু করে ঢুকে পড়ত। এতে বাড়িঘর তলিয়ে যেত, নষ্ট হতো উঠতি ফসল।
পরবর্তী সময়ে হাতিয়া থেকে আসা ভূমিহীন মানুষেরা দ্বীপটিতে বসতি গড়ে তোলেন। দ্বীপের মাঝখানে বালুর একটি উঁচু টিবি দেখে তারা এর নাম রাখেন ‘বাউলার চর’। এভাবেই একসময় ইছামতির দ্বীপ নামটি হারিয়ে গিয়ে বাউলার চর পরিচিতি লাভ করে।
সবুজ বনের অপার সৌন্দর্য
বালুময় এই চরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে বিশাল বনাঞ্চল। সারি সারি সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, কেওড়াসহ নানা প্রজাতির গাছপালা ও শেকড়ের বিস্তার দ্বীপটিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। সামুদ্রিক পানির ঢেউয়ে ভেসে আসা বিভিন্ন উদ্ভিদের বীজ থেকে এখানে গড়ে উঠেছে বিস্তীর্ণ সবুজ বনভূমি।
এই বনে বিভিন্ন প্রজাতির প্রাণীরও বসবাস রয়েছে। দ্বীপের গভীর অরণ্যে এখন পর্যন্ত নয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৩৫ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। বনজসম্পদের মধ্যে রয়েছে ২১ প্রজাতির বৃক্ষ ও ৫৫ প্রজাতির গুল্ম। সবুজের সমারোহে পুরো দ্বীপ যেন এক প্রাকৃতিক অভয়ারণ্য।
দ্বীপের বনাঞ্চলে মৌমাছির বিচরণও চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা বন থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এই মধু হাতিয়াসহ নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত প্রবাদও রয়েছে- ‘বড় বড় মহিষের দৈই, বাউলার দ্বীপের মধু খেয়ে যাও বধূ।’
জনবসতি, জনপদ ও ঘূর্ণিঝড়ের স্মৃতি
১৯৫৯-৬০ সালে বাউলার চরে সার্কেল অফিসার সৈয়দ আলী আহমেদ জরিপকাজ সম্পন্ন করেন। ওই জরিপে এক হাজার ৪৫৩ দশমিক ৩৫ একর জমি আবাদি হিসেবে চিহ্নিত করা হয়। তবে পরবর্তী সময়ে দ্বীপের আয়তন ও ভূমির পরিমাণ বেড়ে বিস্তীর্ণ চর জেগে ওঠে।
১৯৬৮ সালে হাবিবুল্লাহ নামের একজন ব্যবসায়ী সপরিবারে বাউলার চরে বসতি স্থাপন করেন। তিনি সেখানে একটি সুন্দর ও পরিকল্পিত বসতবাড়ি নির্মাণ করেন। দ্বীপের ইতিহাসে এটিই ছিল প্রথম পরিকল্পিত বসতবাড়ি বলে স্থানীয়ভাবে জানা যায়।
২০০০ সালের হিসাব অনুযায়ী, জাহাজমারা ইউনিয়নের চারটি ওয়ার্ড নিয়ে বাউলার চর গঠিত ছিল। সেখানে ছিল তিনটি হাটবাজার। কিন্তু রাস্তাঘাট ও যানবাহনের অভাবে দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এসে স্থানীয় মানুষকে প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করতে হতো।
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের আগে দ্বীপটিতে আনুমানিক ৩৬০টি পরিবার বসবাস করত। কিন্তু ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মুহূর্তেই দ্বীপের জনবসতি লণ্ডভণ্ড হয়ে যায়। অসংখ্য মানুষ সাগরে ভেসে প্রাণ হারান। শুধু ৮০ বছর বয়সী এক বৃদ্ধা কেরপা গাছের সাথে শাড়ি পেঁচিয়ে প্রাণে বেঁচে যান বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। ওই দুর্যোগের পর দ্বীপে বসতি স্থাপন বন্ধ হয়ে যায়। ১৯৭৩ সাল পর্যন্ত বাউলার চরে আর কেউ বসবাস করতে যাননি।
এদিকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রায় চার কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতের সৌন্দর্য ও আয়তন ক্রমেই বাড়তে থাকে। এর সাথে বাড়তে থাকে নিঝুম দ্বীপের অপার প্রাকৃতিক বৈভব। সমুদ্রসৈকতের দিকে তাকালে শুধু পানি নয়, মাঝখানে জেগে ওঠা নতুন চর ও বিস্তীর্ণ সবুজের দীর্ঘ শোভাযাত্রা চোখে পড়ে। বঙ্গোপসাগরের গভীর থেকে জেগে ওঠা এসব চর যেন এক নতুন ভূখণ্ডের হাতছানি। সমুদ্রের মাঝখানে এমন অদ্ভুত সবুজের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে।
নিঝুম দ্বীপ নামকরণ ও জাতীয় উদ্যান ঘোষণা
১৯৭৩ সালের জানুয়ারি মাসে হাতিয়ার তৎকালীন জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম কামাল সরকারি কর্মকর্তাদের নিয়ে বাউলার চর পরিদর্শনে আসেন। দ্বীপটির শান্ত, নির্জন ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশে মুগ্ধ হয়ে তিনি এর নামকরণ করেন ‘নিঝুম দ্বীপ’। এরপর থেকেই এলাকাটি নিঝুম দ্বীপ নামে পরিচিতি লাভ করে।
দ্বীপের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে রয়েছে বন বিভাগের সৃষ্ট বাগান ও বনাঞ্চল। ১৯৭০-৭২ সালের দিয়ারা জরিপে চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ২১১ দশমিক ৩০ একর। দ্বীপের ভূমিহীন সর্দার ওসমানের নাম অনুসারে একটি মৌজার নাম রাখা হয় ওসমান মৌজা।
২০০১ সালের ৮ এপ্রিল তৎকালীন সরকার নিঝুম দ্বীপের বনাঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এতে দ্বীপটির পরিবেশগত ও পর্যটনগত গুরুত্ব আরো বেড়ে যায়। পরবর্তী সময়ে ২০১৩ সালে জাহাজমারা ইউনিয়ন থেকে পৃথক হয়ে নিঝুম দ্বীপ একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে স্বীকৃতি লাভ করে।
ইউনিয়ন হয়েছে, উন্নয়ন হয়নি
প্রশাসনিকভাবে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা পেলেও নিঝুম দ্বীপে উন্নয়নের তেমন কোনো প্রভাব পড়েনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট ও বন বিভাগের ডাকবাংলোগুলো দ্বীপবাসীর কাছে ‘ভিআইপি ভবন’ হিসেবে পরিচিত। উচ্চপদস্থ কেউ দ্বীপে গেলে এসব ভবনে অবস্থান করেন। কিন্তু সাধারণ মানুষের জন্য নেই কোনো মানসম্মত অতিথিশালা, গেস্টহাউজ কিংবা হোটেল।
দ্বীপের সবচেয়ে বড় সমস্যা যোগাযোগব্যবস্থা। পর্যাপ্ত রাস্তাঘাট নেই, নেই আধুনিক যানবাহন। অনেক এলাকায় রিকশা পর্যন্ত চলাচল করতে পারে না। ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে মানুষকে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। জরুরি চিকিৎসা, শিক্ষা কিংবা প্রয়োজনীয় সেবা গ্রহণের ক্ষেত্রেও তাদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
আরেকটি বড় সঙ্কট হলো বেড়িবাঁধের অভাব। দ্বীপের চারপাশে টেকসই বেড়িবাঁধ না থাকায় সামুদ্রিক জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে বসতবাড়ি, ফসলি জমি ও অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়ে। বিশেষ করে জোয়ারের পানিতে উঠতি ফসল তলিয়ে যাওয়ায় কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
নিঝুম দ্বীপের উৎপাদিত দুধ, ডিম, মাছ, ঘি ও শুঁটকি দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সম্ভাবনা রয়েছে। কিন্তু উন্নত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা না থাকায় এসব পণ্য বাজারজাত করতে মারাত্মক সমস্যার মুখে পড়তে হয়। ফলে স্থানীয় উৎপাদকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন।
প্রাকৃতিক সৌন্দর্য, বনজসম্পদ, জীববৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ নিঝুম দ্বীপ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু পরিকল্পিত অবকাঠামো, টেকসই বেড়িবাঁধ, উন্নত যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও পর্যটনসুবিধা নিশ্চিত না হওয়ায় সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যেও তাই নিঝুম দ্বীপবাসীর জীবন এখনো উন্নয়নবঞ্চনা ও অনিশ্চয়তার চিত্র হয়ে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








