
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কারাগারে থাকা আট আসামিকে আগামী ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার ১৯ আসামির মধ্যে রয়েছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মাহমুদ ওরফে এস এ এম জাহিদ।
অন্য আসামিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: তাইজুল ইসলাম চৌধুরী (বাবলী), ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো: হুমায়ুন রশিদ ওরফে জনি।
এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের তৎকালীন উপকমিশনার মো: জসিম উদ্দিন মোল্লা, দারুস সালাম জোনের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার এম এম মইনুল ইসলাম, পল্লবী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক অপূর্ব হাসান এবং মিরপুর মডেল থানার তৎকালীন ওসি পুলিশ পরিদর্শক মুন্সি সাব্বির হোসেন।
বাকি আসামিরা হলেন যুবলীগ নেতা মো: সাদ্দাম হোসেন মিতুল, মো: শরীফ, যুবলীগ কর্মী মো: স্বপন ব্যাপারী এবং যুবলীগ নেতা মোরসালিন রানা। আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারসহ আটজন গ্রেফতার রয়েছেন। অন্য দিকে মাইনুল হোসেন খান নিখিল, হাবিবুর রহমানসহ ১১ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আদালতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যরা।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউশনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। ওই চার দিনে ৫০ জনেরও বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন। ১৯ আসামির বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে কয়েক দিনের ঘটনার বিবরণ তুলে ধরার পাশাপাশি প্রত্যেক আসামির পৃথক ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানের সময় মিরপুরে আন্দোলনকারী ও বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড, হামলা এবং অন্যান্য অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনাই মামলার অভিযোগের অন্তর্ভুক্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








