পাস আছে, নিরাপত্তা নেই বনে যাওয়া বন্ধ, আয় বন্ধ

- সুন্দরবনে যেতে পারছে না উপকূলের বনজীবী মানুষগুলো
- ঋণ আর পেশা বদলের চিন্তায় শ্যামনগরের বনজীবীরা
- বন বিভাগের ছয় দিনের পাসের খরচ ১ হাজার ৪০০ টাকা
- এদেরকে তাদের সক্ষমতার উপযোগী প্রশিক্ষণ দিয়ে কাজ দেয়া -ড. জাহিদ

Advertisement


বন বিভাগের দেয়া সরকারি পাস হাতে থাকলেও শ্যামনগর দিয়ে সুন্দরবনে ঢোকার নিশ্চয়তা নেই। আবার বছরের তিন মাস বন সম্পূর্ণ বন্ধ থাকলে আয়ের পথও বন্ধ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এই ফাঁদকে আরো শক্ত করে তুলেছে। বনে ঢুকলে চাঁদা, না দিলে অপহরণ, আর অপহরণ হলে মুক্তিপণ। এই ভয়ে সাতক্ষীরার শ্যামনগরের হাজারো বনজীবী এখন জীবিকার প্রধান উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এক দিকে লবণাক্ততার কারণে জমি থেকেও কৃষিকাজ নেই, আর নিরাপত্তাহীনতার কারণে বনে প্রবেশ করতে না পারায় বেকার জীবন এখন এই এলাকার লাখো পুরুষের। বন বিভাগের দেয়া ছয় দিনের পাস পেতে তাদেরকে এক হাজার ৪০০ টাকা দিতে হতো। বনজীবীরা জানান, মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহে ছয় দিনের বনযাত্রায় আয় ১০ থেকে ৩০ হাজার টাকা (মৌসুম ও প্রাপ্যতাভেদে)। গত ছ’মাস ধরে সেই আয়ও বন্ধ। কাজও পাচ্ছে না। গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন ‘দস্যুমুক্ত’ ঘোষিত হয়। এখন আবার তাদের আধিপত্য। 
এখন বনজীবীদের অভিযোগ, বন বিভাগের পাসের পাশাপাশি দস্যুদের কাছ থেকেও একধরনের ‘অনুমতি’ বা কার্ড নিতে হচ্ছে। একাধিক বাহিনীর এলাকা পেরোতে গিয়ে একই নৌকাকে একাধিকবার চাঁদা দিতে হয় বলেও তাদের দাবি। চাঁদা দিয়েও নিরাপদে ফেরার নিশ্চয়তা মেলে না। তারা বলেন, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সবধরনের প্রবেশ নিষিদ্ধ থাকে। মাছ-কাঁকড়ার প্রজনন, বন্যপ্রাণীর বিচরণ ও বনের ইকোসিস্টেম পুনরুজ্জীবনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এই তিন মাসে কোনো পাস ইস্যু হয় না। ফলে জেলে, বাওয়ালি, মৌয়াল, কাঁকড়া সংগ্রহকারী- সবাই কর্মহীন হয়ে পড়েন।
বাজারেও ধাক্কা
গাবুরা, বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুরসহ সুন্দরবনসংলগ্ন বহু পরিবারের জীবিকা সরাসরি বনের ওপর নির্ভরশীল। একজন বনজীবীর বনে যাওয়া বন্ধ হলে ক্ষতি তার একার নয়। এর প্রভাব পড়ে নৌকার মাঝি, শ্রমিক, মাছ-কাঁকড়া ব্যবসায়ী, আড়তদার ও পরিবহনকর্মীদের আয়েও। এ দিকে সংসারের খাবার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও ঋণের কিস্তি থেমে নেই। অনেক পরিবার ঋণ করে চলছে, কেউ কেউ পেশা বদলের কথা ভাবছেন।
পথে নেমেছেন বনজীবীরা
এ দিকে গত ৩১ অক্টোবর রমজাননগর ইউনিয়নে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে মানববন্ধন করেন। ১ নভেম্বর শ্যামনগরে বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা একই দাবিতে মানববন্ধন করেন। তারা অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের দাবি জানান। নভেম্বরে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী থেকে ১১ জেলে অপহরণের খবর এসেছে। পরিবারগুলোর অভিযোগ, দু’টি বনদস্যু বাহিনী এর সাথে জড়িত এবং প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে চাওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা অপহরণের খবর পাওয়ার কথা জানিয়ে টহল ও অভিযানের কথা বলেছেন।
৩২৮ দস্যুর আত্মসমর্পণ, আট বছর পর আবার আতঙ্ক
একসময় সুন্দরবনে জলদস্যুদের নিয়ন্ত্রণ এতটাই বিস্তৃত ছিল যে, মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে যাওয়া বনজীবীদের অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির ঝুঁকি নিতে হতো। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং দস্যুদের আত্মসমর্পণের উদ্যোগ নেয়া হয়। প্রাপ্ত তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩২টি দস্যুবাহিনীর ৩২৮ সদস্য ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়; কিন্তু আট বছর পর আবারো বনজীবীদের বনে ঢুকতে দস্যুদের ‘অনুমতি’র কথা ভাবতে হচ্ছে। অনেক বনজীবী প্রতিশোধের আশঙ্কায় প্রকাশ্যে দস্যুদের নাম বলতে চান না। তাই চাঁদাবাজি ও অপহরণের সব ঘটনা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে পৌঁছাচ্ছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।
বিকল্প নেই বললেই চলে
লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে এমনিতেই শ্যামনগরের জীবিকা চাপে। অনেকের কাছে সুন্দরবনই ছিল শেষ ভরসা। এখন কেউ দিনমজুরি করছেন, কেউ অন্যের নৌকায় কাজ খুঁজছেন, কেউ ধার করছেন। আবার কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ এবং কেউ সহকারী হিসেবে কাজ করছেন; কিন্তু এসব কাজে সারা বছর নিশ্চিত আয় নেই। বিশেষ করে নিজস্ব নৌকা ও বনের অভিজ্ঞতা থাকা মানুষের জন্য পেশা বদলানো সহজ নয়। বনদস্যুতা তাই শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি উপকূলীয় দারিদ্র্য, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির সঙ্কটও। বন রক্ষা যেমন রাষ্ট্রের দায়িত্ব, বননির্ভর মানুষের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করাও তেমনই। সুন্দরবনকে সত্যিকার অর্থে দস্যুমুক্ত রাখতে না পারলে হাজারো পরিবারের জীবিকার নিরাপত্তাও অনিশ্চিত থেকে যাবে।
কর্মসংস্থান খুঁজছেন বনজীবী মানুষ : দাতিয়াখালী গ্রামের ৪০ বছর বয়সী মনিরুজ্জামানের সাথে তার বাড়িতেই কথা হয়। তার মূল পেশা বনজীবী; কিন্তু গত ছ’মাস ধরে তিনি বনে যেতে পারেননি। কারণ বনদস্যুদের ভয়। তিনি বলেন, আগের জীবন যখন ভালো ছিল; জঙ্গলে যখন যেতাম তখন এসে ভালো চলতো। এই পাঁচ ছ’মাস তো যেতে পারিনি। এখন বাড়িতে। কোনো কাজ নেই। আয় নেই। তিনি বলেন, জঙ্গলে কেউ মাছ মারতে, কেউ কাঁকড়া মারতে, কেউ আবার মধু আনতে যেত। ওসবই আমাদের মূল পেশা। আয় ভালো হতো। তিনি জানান, ফরেস্ট অফিস আছে, সেখান থেকে ছয় দিনের জন্য পাস দিত বনে যাওয়ার। তাদেরকে এক হাজার ৪০০ টাকা করে ছ’দিনের পাসের জন্য দিতে হতো। যখন ফিরতাম তখন ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কাজ ভেদে আয় হতো।  সেখানে চিংড়ি মাছও আছে, আবার সাদা মাছ, ভেট মাছ, কাইন মাছ, দা মাছ, পায়রা মাছ- এসব। আর কাঁকড়া তো হয়ই। তিনি বলেন, এখন গণমুখী ফাউন্ডেশন থেকে আমাদের এলাকার মানুষগুলোকে সহায়তা করায় তারা বেশ ভালো আছেন।
মনিরুজ্জামান জানান, এই পোনা কাঁকড়া নিয়ে এসে চাষ করতেন কেউ। অনেকে আছেন বিক্রি করেন কাঁকড়াগুলো। এখন চুরিচামাড়ি করে দু-একজন যাচ্ছে। ধরা পড়লে দস্যুরা দুই লাখ টাকা পণ চায়। এই বিষয়ে আগামী ২৫ তারিখে প্রশাসনের একটা মিটিং আছে। তারপরে কী হয়, সেটি পরে বোঝা যাবে। প্রাকৃতিক দুর্যোগে কাঁচা রাস্তা দিয়ে যেতে একটু সমস্যা হয়। আর বাড়িঘরও অনেক কাঁচা আছে। তিনি বলেন, বনে যেতে না পারার কারণে এখন রাজের কাজ করেন। তাতে দিনে ৭০০ টাকা পান। 
একই গ্রামের আবদুল হালিমের সাথে কথা হলে তিনি বলেন, সুন্দরবনে তিনি ২৫ বছর ধরে কাজ করেন। এখন জলদস্যুদের কারণে সুন্দরবনে তারা যেতে পারছেন না। তাদের হাতে ধরা পড়লে তারা লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, এখন আমাদের জীবন খুবই কষ্টে যাচ্ছে। বর্তমান সময়ে এসে জলদস্যুরা আবার দখলে নিয়েছে বন। এই সরকার এসে মুক্ত করতে পারেনি। সরকার চেষ্টা করছে; কিন্তু কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, আজ থেকে দু’মাস আগে তিনি বনে গিয়েছিলেন; কিন্তু এখন নিরাপত্তার ভয়ে যেতে পারছেন না বা যাচ্ছেন না। 
আর জেলে আবদুর রহিম আক্ষেপ করে বলেন, সরকারি রাজস্ব দিয়ে পাস নিয়েছি; কিন্তু বনে নামার সাহস পাচ্ছি না। এক দিকে ঝড়-জলোচ্ছ্বাস আর বাঘের ভয়, অন্য দিকে দস্যুদের চাঁদার দাবি। নৌকা ঘাটে বেঁধে রেখে এখন পরিবার নিয়ে না খেয়ে মরার জোগাড়।
পরিসংখ্যানে উপকূলীয় বনজীবীদের অর্থনৈতিক বিপর্যয়
প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা গেছে, ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশ অংশের সুন্দরবনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভরশীল; কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। সুন্দরবন সংলগ্ন দরিদ্র পরিবারগুলোর প্রধানদের গড় মাসিক আয় মাত্র দুই হাজার ৬৮১ টাকা (পুরুষ তিন হাজার ৬৬৩ টাকা এবং নারী এক হাজার ৬৯৮ টাকা)। বনে যাওয়া বন্ধ থাকায় এই সামান্য আয়ও এখন শূন্যের কোঠায়। আর উপকূলীয় জনগোষ্ঠীর ৬৮.৯ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তনকে সরাসরি অস্তিত্বের হুমকি মনে করেন। অথচ ৮২.৮ শতাংশ মানুষের মতে এলাকায় সরকারি-বেসরকারি পর্যাপ্ত অভিযোজন উদ্যোগ নেই। মৌসুমের শুরুতে মহাজনের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাদন (অগ্রিম ঋণ) নিয়ে জাল-নৌকা মেরামত ও পাস সংগ্রহ করেছিলেন জেলেরা। আয় বন্ধ থাকায় তারা এখন সুদের জালে জড়িয়ে পড়ছেন। জীবিকা হারিয়ে ইতোমধ্যে সুন্দরবন অঞ্চল থেকে ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে পাড়ি জমিয়েছেন।
বিশ্লেষক ও গবেষকরা যা বলছেন : বিশেষজ্ঞরা বলছেন, বন সংরক্ষণ ও স্থানীয় জীবিকার মধ্যে ভারসাম্য রাখতে হবে। তিন মাসের নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান, নগদ সহায়তা বা ঋণ মওকুফের ব্যবস্থা না থাকলে মানুষ বাধ্য হয়ে অবৈধভাবে বনে ঢোকে। এতে নিরাপত্তাঝুঁকি আরো বাড়ে। একই সাথে দস্যুমুক্ত সুন্দরবন নিশ্চিত না করতে পারলে বৈধ পাসও অর্থহীন হয়ে যায়। উপকূলের এই বাস্তবতা জলবায়ু অভিযোজনের এক বড় চ্যালেঞ্জ। বন রক্ষা করতে গিয়ে মানুষের জীবিকা ধ্বংস হলে, আর মানুষ বাঁচাতে গিয়ে বন ধ্বংস হলে- উভয় ক্ষেত্রেই ক্ষতি হবে। পাস আছে; কিন্তু নিরাপত্তা নেই, বন খোলা আছে; কিন্তু আয় নিশ্চিত নয়- এই দ্বন্দ্ব ভাঙতে না পারলে উপকূলীয় জীবন আরো অনিশ্চিত হয়ে পড়বে।
সাতক্ষীরা রেঞ্জেই প্রায় সাড়ে ৬ হাজার নিবন্ধিত বনজীবী : বন বিভাগ
বন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, শুধু সাতক্ষীরা রেঞ্জেই প্রায় ছয় হাজার ৫০০ নিবন্ধিত বনজীবী রয়েছেন। পরোক্ষভাবে নির্ভরশীল মানুষের সংখ্যা দেড় লাখেরও বেশি। পূর্ব ও পশ্চিম সুন্দরবন মিলিয়ে নিবন্ধিত বনজীবীর সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। এই বিশাল জনগোষ্ঠীর জন্য সুন্দরবনই মূল কর্মক্ষেত্র। তিন মাস বন্ধ মানেই পরিবারের চুলার আগুন নিভে যাওয়ার উপক্রম। জলবায়ু পরিবর্তন এই সঙ্কটকে আরো গভীর করেছে। লবণাক্ততা বেড়ে ধান চাষ অসম্ভব হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, আমফান, রেমালের পর বাঁধভাঙা, জমি নষ্ট ও মিষ্টি পানির সঙ্কট স্থানীয় কৃষিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। ফলে বিকল্প কর্মসংস্থান নেই বললেই চলে। তিন মাস বন বন্ধ থাকলে পুরুষরা ঘরে বসে থাকেন। সংসার চালাতে নারীরা চিংড়ি ঘেরে দিনমজুরি করেন। ঋণের বোঝা বাড়ে। এনজিও ও মহাজনের কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ে।
তাদের সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কাজ দেয়া -ড. জাহিদ
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের সাথে এই বিষয়ে গতকাল মুঠোফোনে জানতে চাইলে তিনি দৈনিক নয়া দিগন্তকে বলেন, কিছু টার্গেটেড ইন্টারভেনশন ছাড়া তো আমি কোনো বিকল্প দেখি না। কারণ ওরা যেটা করত সেটি তো আর সম্ভব হবে না। এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে তাদের তো যে স্কিলটা আছে ওটা তো আর কাজে লাগছে না। তিনি বলেন, ক্ল¬াইমেট চেঞ্জ এডাপ্টেশনের অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি তো থাকার কথা। না থাকলে করা উচিত। ওই ট্রেনিং যেটা দেবে সেটির ভিত্তিতে যেন কাজ পায়, সে জন্য ট্রেনিংয়ের ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। দুইটা বিষয় আছে- একটা হলো যে তারা নিতে পারবে কি না, ওদেরকে আপনি যেটা শিখাতে চাচ্ছেন শেখার মতো সক্ষমতা আছে কি না। আর দ্বিতীয় হলো যা শিখাচ্ছেন সেটির কোনো মার্কেট আছে কি না।