ইউক্রেনগামী ১৮ শ্রমিককে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল ইমিগ্রেশন

মনির হোসেন
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনগামী একটি ফ্লাইটে ওঠার আগেই ১৮ যাত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে উড়োজাহাজে উঠতে ব্যর্থ হওয়া এসব যাত্রী উপায় না পেয়ে গতকাল মঙ্গলবার সকালেই মালিবাগের স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে ছুটে যান। সেখানে কোনো সমাধান না পেয়ে তারা দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান। সেখানে গিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে কান্নাকাটি করেও যাত্রীরা কোনো ধরনের আশ্বাস পাননি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা যাত্রীদের সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে তাদের কিছু করার নেই। এমন কথা শুনে যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। এখন তারা জানতে চাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করার পরও বিদেশ যেতে না পারলে তাদের কি হবে ? তারা তো নিঃস্ব হয়ে যাবেন?
গতকাল বিকেল ৩টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের (কর্মসংস্থান শাখা) ১৮ তলায় ইউক্রেনগামী যাত্রীরা যুগ্ম সচিবের সাথে সাক্ষাৎ করতে যান। তারা তাকে জানান, বৈধভাবে ইউক্রেনে যেতে তারা মন্ত্রণালয়ের নিয়োগানুমতি নিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ব্যুরো থেকে বহির্গমন ছাড়পত্র নিয়েই শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন। ফ্লাই দুবাই কর্তৃপক্ষ বোর্ডিং পাস দিয়েছে, ইমিগ্রেশন থেকে সিল দিয়ে উড়োজাহাজে ওঠার ক্লিয়ারেন্স দিলো। অপেক্ষায় থাকা অবস্থায় তাদের জানানো হয়, তাদের কারোরই ইউক্রেন যাওয়ার ক্লিয়ারেন্স নেই। তখন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা যাত্রীদের উদ্দেশ্য কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, এই বিষয়টি তোমাদের যারা ইউক্রেনে পাঠাচ্ছে সেই রিক্রুটিং এজেন্সির দেখার কথা। তিনি কোথায়? এখানে মন্ত্রণালয়ের কি আর করার আছে? মন্ত্রণালয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। এখন এসবি যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে আমাদের কি করার আছে? এ সময় এক যাত্রী কর্মকর্তার কথা শুনে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তখন ওই কর্মকর্তা  যাত্রীদের উদ্দেশ্য বলেন, আমার এখানে কিছুই করার নেই। তিনি সচিবের সাথে সাক্ষাৎ করার পরামর্শ দিয়ে বলেন, সেখানে গিয়ে তোমাদের অভিযোগগুলো জানাও। পরবর্তীতে যাত্রীরা ওই পথ দিয়ে আমজনতা দলের প্রধান তারেক রহমানকে পেয়ে তার কাছে অভিযোগ করেন। তখন তারেক রহমান তাদের প্রথমে বলেন, ইউক্রেনে তো যাওয়া যায় না। তখন যাত্রীরা তাকে জানান, তাদের সবার বৈধ ভিসা, বিএমইটি ক্লিয়ারেন্স আছে। তখন তিনি তাদেরকে ভবনের নিচে গিয়ে তার সাথে কথা বলার পরামর্শ দেন।  
সোমবার রাত ৯টায় ঢাকা থেকে ইউক্রেনগামী ফ্লাই দুবাইয়ের ছেড়ে যাওয়া ফ্লাইটে উঠতে না পারা একজন যাত্রী নিজের নাম পরিচয় না জানিয়ে নয়া দিগন্তকে গতকাল দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের নিচে বলেন, আমরা রিক্রুটিং এজেন্সি মাছ বাংলা ওভারসিস (আরএল-১৫৫৩) নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধভাবে ১৮ জন ইউক্রেনের একটি পোলট্রি ফার্ম কোম্পানিতে কাজের উদ্দেশ্য বিমানবন্দরে গিয়েছিলাম। বোর্ডিং পাস, ইমিগ্রেশন শেষে যখন ফাইনালি উড়োজাহাজে ওঠার অপেক্ষায় ছিলাম তখনই ইমিগ্রেশনের একজন কর্মকর্তা এসে আমাদের জানালেন, আপনাদের কারোরই ইউক্রেনে যাওয়ার অনুমতি নাই। পরে আমাদের সবার পাসপোর্ট না রেখে বিদায় করে দেন। আজ (মঙ্গলবার) সকালে আমরা প্রথমে মালিবাগ এসবি অফিসে যাই। রিসিপশন থেকে বলা হলো, তোমাদের কেউ যেতে পারবে না। অথচ ওই ফ্লাইটে আমাদের সাথে থাকা একজন যাত্রী চলে গেছে ঠিকই। এক প্রশ্নের উত্তরে অপর একজন যাত্রী নয়া দিগন্তকে বলেন, একেকজন যাত্রীর জন্য রিক্রুটিং এজেন্সি মালিক ১০ লাখ টাকা করে নিয়েছে। আমরা এজেন্সিকে সব টাকা দেই নাই। কিন্তু বিএমইটি যখন আমাদের বহির্গমন ছাড়পত্র দিলো তখন আমরা সবাই পুরো ১০ লাখ টাকাই পরিশোধ করে দেই। আমাদের বড় ক্ষতি করেছে এখন বিএমইটিই। এর আগে এজেন্সিকে আমরা ইউক্রেনে বৈধভাবে যেতে এক বছর আগে পাসপোর্ট আর সাথে ৫০ হাজার টাকা জমা দিয়েছিলাম। ৪-৫ মাস আগে ভিসা আসার পর দেই এক লাখ টাকা। ভিএসএফ গ্লোবালে ইন্টারভিউ হওয়ার পর বিএমইটি ছাড়পত্র হয়। তখন পুরো টাকা দেই। এখন মালিক কোথায় জানতে চাইলে তারা বলেন, মালিক জামিল হোসাইন মালয়েশিয়াতে চলে গেছেন। তিনি তার প্রতিনিধি সবুজকে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের ১৮ তলায় প্রতিনিধি সবুজ এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি যদি এখন কথা বলা শুরু করি তাহলে আগুন ‘জ্বলবে’। তবে তিনি বিস্তারিত কিছুই বলেননি। যাত্রীরা বলেন, আমাদের ১৯ নভেম্বর পর্যন্ত স্টিকার ভিসার সময় রয়েছে। এরপর ভিসা বাদ হয়ে যাবে। যদি এই সময়ে আমরা না যেতে পারি তাহলে আমাদের সবার কি হবে? কারণ আমরা তো কেউ ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে, কেউ ধারদেনা আর মোটরসাইকেল বিক্রি করে টাকাগুলো দিয়েছি। এই টাকা কিভাবে ফেরত পাবো আমরা বলে হতাশা প্রকাশ করেন তারা।

Advertisement