
চট্টগ্রাম ব্যুরো
প্রতিষ্ঠার ৬০ বছরপূর্তি উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ উপলক্ষে চলছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাঠের পাশাপাশি ব্যাপক সাজসজ্জা করা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন অংশে। সড়কে নতুন করে রঙ করা হয়েছে। অপরূপ সাজে সাজানো হয়েছে গাছগুলোও। দর্শকদের জন্য প্যান্ডেলের দুই পাশে দু’টি বড় স্ক্রিন রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুল হোসেন।
তিনি জানান, নিরাপত্তায় প্রায় ৩০০ পুলিশ সদস্য ও ৫০ থেকে ১০০ জন এসআরবি সদস্য থাকছেন। তাদের সাথে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রক্টরিয়াল টিম। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। কর্মসূচিতে থাকছে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মেলা। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান করবেন নগর বাউলখ্যাত সঙ্গীতশিল্পী জেমস।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম নগরীর পাঁচটি স্থান থেকে ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার শাটল ট্রেনও চলবে বিশেষ সময়সূচিতে। ক্যাম্পাসের ভেতরে যাতায়াতের জন্য থাকছে ১২টি ই-কার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








