সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় : ড. হামিদ আযাদ

 নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও নাশকতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সঙ্কুচিত করা হচ্ছে। এটি নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা।
গতকাল বিকেলে কক্সবাজারের হাসপাতাল সড়কের দলীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুর জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পাচ্ছেন, তা বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো রাজনৈতিক দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের গ্রেফতার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান জামায়াতের এই নেতা।
একইসাথে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ বাতিল এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ জেলা কর্মপরিষদ, উপজেলা আমির-সেক্রেটারি ও ছাত্রসংগঠনের নেতারা।