চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর মঙ্গলবার পরিত্যক্ত খামারবাড়ি থেকে ব্যবসায়ী আবদুল জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন বাবুচি বাজারে মুদি মালামালের ব্যবসা করতেন। 
নিহতের পরিবার সূত্র জানায়, গত ৮ নভেম্বর ব্যবসায়ী আবদুল জলিল নিখোঁজ হয়েছেন। গত কয়েকদিন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় এক নারী বাবুচি বাজারের পূর্বে পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে হাঁটার সময় গন্ধ পেয়ে কাছে যান। সেখানে পরিত্যক্ত ঘরে ব্যবসায়ী আবদুল জলিলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন। পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।