দেশব্যাপী নাশকতার প্রতিবাদে ঢাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানসহ সব ফৌজদারি অপরাধের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করার আহ্বান জানান তারা। একই সাথে প্রতিশোধ বা ঘৃণার পরিবর্তে ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সদস্যসচিব ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো: মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগীরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সরকার প্রশাসনের মাধ্যমে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যা প্রশংসার দাবিদার। এটাই আইনের শাসন ও গণতন্ত্রের শাসন। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের শাসন ও মানবাধিকারের সীমার মধ্যে থেকেই সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে প্রত্যেক মানুষের বেঁচে থাকা, মতপ্রকাশ ও প্রতিবাদ করার অধিকার নিশ্চিত থাকবে।
জুলাই হত্যাকাণ্ডসহ প্রতিটি ফৌজদারি অপরাধের বিচার দাবি করে সামিনা লুৎফা বলেন, যারা হত্যাকাণ্ড ও সহিংসতার মাধ্যমে অসংখ্য মানুষকে আহত করে দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দিয়েছে, তাদের প্রত্যেকের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তবে সেই বিচার হতে হবে আইনের শাসনের মধ্য দিয়ে। প্রতিশোধ বা ঘৃণা নয়, আমাদের অবস্থান হতে হবে ন্যায়বিচারের পক্ষে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের নামে মানবাধিকারের স্বীকৃত সীমাও অতিক্রম করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক লুৎফর রহমান বলেন, যখনই দেশ আক্রান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই স্থান থেকেই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের শৃঙ্খল ভেঙে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন যাত্রা শুরু করেছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশকে বৈষম্যহীন, মানবিক ও সব দলের মতামতের ভিত্তিতে পরিচালিত একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
লুৎফর রহমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত অপশক্তি আবারো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ধৈর্য ও সহনশীলতার সাথে সহিংসতা ছাড়াই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে শুধু অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাখাই যথেষ্ট নয়, অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, গত ১৬-১৭ বছর একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের লেবাসে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ও দেশপ্রেমিক শিক্ষার্থী এবং ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এখন তারা আবারো ফিরে আসার চেষ্টা করছে। তবে ফিরে আসার পথ কখনো আগুন-সন্ত্রাস ও সহিংসতা হতে পারে না। তাদের কর্মকাণ্ডের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে। এ অবস্থায় তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।
এ সময় বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নূরুল ইসলাম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুমানা পারভিন অ্যানি, কারুশিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক রিয়াজ হাফিজ।