দর্শনায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি দুই চালককে কুপিয়ে জখম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখমসহ তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যক্তিগত ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই এই কাজ করে পালিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত হয়েও ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে আশ্রয় নেন দুই চালক।
গতকাল ভোর আনুমানিক ৩টা ১০ থেকে ৩টা ২৫ মিনিটের মধ্যে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির ফার্ম-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশে খালি বিটিএ ও বিটিও তেলবাহী ট্যাংকার ট্রেনটি রাত ১টার দিকে ছেড়ে আসে। পথে দর্শনা জংশনের আউটসাইডে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় নির্জনতার সুযোগে একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম ও লুটপাট চালায়।
লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার দু’টি মোবাইল ফোন ও ব্যক্তিগত কাপড়চোপড়সহ একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ৩ হাজার ৭০০ টাকা ছিল। পাশাপাশি পকেটে থাকা ৫০০ টাকাও নিয়ে যায়। তবে অন্য পকেটে থাকা ৩২০ টাকা দুর্বৃত্তদের চোখ এড়িয়ে যায়। আর সহকারী লোকোমাস্টারের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেও তিনি পায়ের নিচে ফেলে আড়াল করায় রক্ষা পায়।
হামলার পর রক্তাক্ত অবস্থায় দুই চালক কন্ট্রোলের নির্দেশনা অনুযায়ী ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, আহত চালকরা ট্রেন পরিচালনার অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে। আর আহত চালকদের হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।