ফিজিতে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি সাক্ষাৎ করেন ।

সিলেট ব্যুরো

Advertisement

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে তাঁর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা, শ্রম অভিবাসন ছাড়াও বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাংলাদেশী ড্রাইভারদের লাইসেন্স ইস্যু অথবা রূপান্তরের প্রক্রিয়া তিন মাস থেকে কমিয়ে আনতে এবং বাংলাদেশী কর্মীদের বর্তমান মেয়াদ শেষে ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে যেন বাংলাদেশে ফিরে আসতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বিশেষ অনুরোধ জানানো হয়। 
এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে প্রেরণকৃত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের উদ্যোগ গ্রহণের জন্য ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণমন্ত্রী নয়া দিগন্তকে জানান, বাংলাদেশী কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। 
ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশী কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। আবহাওয়া এবং সংস্কৃতি একই রকম হওয়ায় বাংলাদেশের কর্মীদের জন্য ভালো সুযোগ হতে পারে। তিনি বাংলাদেশ সরকারের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।
সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় আট হাজার বাংলাদেশী কর্মী কর্মরত রয়েছেন চলতি বছরেই আরো তিন হাজার ৩০০ কর্মী ফিজিতে গিয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদফতরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।