
বাংলাদেশ থেকে কর্মী নিতে তার ভিসা, বিমান টিকিট ও সিন্ডিকেট খরচ নিয়োগকর্তা মালয়েশিয়া পার্টেই পরিশোধ করে দিচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই তিন খাতে কর্মীদের কাছ থেকে একটি টাকাও নেয়ার সুযোগ নেই রিক্রুটিং এজেন্সিগুলোর। আর চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পার্টে একজন কর্মীর স্বাস্থ্য পরীক্ষা, ই-ভিসা, বিএমইটিসহ অন্যান্য খরচ মিলিয়ে ৭৮ হাজার ৯০০ টাকা নির্ধারণ থাকলেও এবার তা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার টাকা করা হয়েছে। তারপরও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন ঘোষিত অভিবাসন ব্যয়ে একজনকে মালয়েশিয়ায় পাঠালে রিক্রুটিং এজেন্সি মালিকের সার্ভিস চার্জ হিসেবে লাভ হবে ৯০ হাজার টাকার মতো।
অভিবাসনব্যয় নির্ধারণের সাথে সম্পৃক্তরা এ নিয়ে প্রশ্ন তুলে বলছেন, যেখানে একজন কর্মীর মালয়েশিয়ায় যেতে মূল তিনটি খরচ নিয়োগকারীই দিয়ে দেবেন সেখানে কেন বাংলাদেশ থেকে একজন কর্মী যেতে সাত-আট লাখ টাকা লাগবে? এর জন্য দায়ী অবশ্যই রিক্রুটিং এজেন্সিগুলো। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার তাদের (এজেন্সি) কথা মতো অভিবাসনব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা বাাড়িয়ে দিয়েছে। এরপরও যদি কারো কাছ থেকে সাত-আট লাখ টাকা নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ (দেশে এবং বিদেশে) পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে অবশ্যই লাইসেন্স ব্লকসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে মালয়েশিয়াসহ সোর্সকান্ট্রিভুক্ত দেশগুলোকে নিয়ে বৃহৎ সিন্ডিকেট তৈরির জনক মালয়েশিয়ার বংশোদ্ভূত আমিন নুরের কোম্পানি বেস্টিনেটের এফডব্লিওসিএমএসের ওয়েবসাইটে মেডিক্যাল সেন্টারের নামের তালিকা গত সপ্তাহে ১৭টি থেকে বাড়িয়ে ৫১টি করা হয়েছে। এসব মেডিক্যাল সেন্টার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
তবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো: আরিফুল হক চৌধুরী এ প্রসঙ্গে সাংবাদিকদের আগেই বলেছেন, মেডিক্যাল সেন্টারের তালিকা নিয়ে মন্ত্রণালয়ের কিছুটা দ্বিমত আছে। বিষয়টি মালয়েশিয়াকেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, মালয়েশিয়ার হাইকমিশন থেকে কর্মীদের ভিসায় সত্যায়ন দেয়া হচ্ছে। মেডিক্যাল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এটাই হলো সর্বশেষ খবর। তবে আমরা শুনতে পাচ্ছি মালয়েশিয়াতে একেকটি চাহিদাপত্র আট-নয় হাজার রিংগিত পর্যন্ত কেনাবেচা হচ্ছে। ওই হিসাবে একজন কর্মীর যেতে সাত-আট লাখ টাকার মতো লাগবে বলে ইতোমধ্যে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হচ্ছে। এ নিয়ে কর্মী যাওয়ার আগেই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকার ইচ্ছা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।
তারা আরো বলেন, মালয়েশিয়ায় চাহিদাপত্র সংগ্রহকালে বাংলাদেশী রিক্রুটিং এজেন্সি কর্তৃক দেশটির নিয়োগকর্তার দেয়া লেভি প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে ২০০৭ সালে একটি চিঠি দেয়া হয়েছিল। ওই চিঠিতে বলা হয়েছিল, মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশী কর্মী নিয়োগে দেশটির শ্রম আইনের অধীনে ওই দেশের সরকারের অনুকূলে পরিশোধ্য লেভি বাংলাদেশী রিক্রুটিং এজেন্সিগুলো অগ্রিম পরিশোধ করছে মর্মে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে। অথচ পরবর্তীতে প্রচলিত নিয়মানুয়ায়ী লেভি সংশ্লিষ্ট কর্মীদের মাসিক বেতন থেকেও কাটা হয়। ফলে একই লেভি দুইবার পরিশোধ হচ্ছে। সেই সাথে সংশ্লিষ্ট বাংলাদেশী রিক্রুটিং এজেন্সি চাহিদাপত্র সংগ্রহকালে অভিবাসন অন্যায্যভাবে বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশী রিক্রুটিং এজেন্সিগুলো যাতে অগ্রিম লেভি পরিশোধ হতে বিরত থাকে, সে লক্ষ্য যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছিল। একই সাথে বাংলাদেশী কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অগ্রিম লেভি পরিশোধের অভিযোগ পাওয়া গেলে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্সের কার্যকারিতা স্থগিত রাখার মতো শাস্তিমূলক ব্যবস্থা নিতেও বিএমইটি পরিচালকের কাছে চিঠিতে উল্লেখ রয়েছে।
এ প্রসঙ্গে গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়ান পার্টে যে তিনটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে সেগুলোর টাকা তারাই দিয়ে দিচ্ছে। এই তিনটি খাত হচ্ছে ভিসা, বিমান টিকিট ও সিন্ডিকেটের খরচ। ফলে কোনো রিক্রুটিং এজেন্সি এই তিন খাতের কথা বলে আর কোনো টাকা চাইতে পারবে না।
এক প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, ঢাকা থেকে রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠাতে এবার যে এক লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেয়া হয়েছে তার মধ্যে মেডিক্যাল, ই-ভিসা, বিএমইটি, পিডিও খরচ ফিক্সড করা আছে। এই খরচের বাইরে ট্রান্সপোর্ট, ফুড, লজিং, গেঞ্জি, ক্যাপ, মগসহ অন্যান্য কেনাকাটার খরচ বাড়তি দেখানো হয়েছে।
তিনি আরো বলেন, এমওইউ অনুযায়ী ৭৮ হাজার ৯০০ টাকা নির্ধারণ হলেও ডলারের দাম বাড়াকে কারণ দেখিয়ে সরকার অভিবাসন ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে। এই খরচের মধ্যেও একজন কর্মী পাঠিয়ে রিক্রুটিং এজেন্সির মালিক কমপক্ষে ৮০-৯০ হাজার টাকা লাভ করতে পারবে। এরপরও কেন রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়াতে গিয়ে প্রতিযোগিতা করে চড়া দামে চাহিদাপত্র (ভিসা) কিনছে? সরকার কি তাদেরকে চড়া দামে ভিসা কিনতে বলেছে? এসব অবশ্যই বন্ধ করতে হবে। এবার অভিবাসন ব্যয়ের বাইরে যারাই অতিরিক্ত টাকা নেবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
ওই কর্মকর্তা বলেন, আগের মন্ত্রীরা সিন্ডিকেটের সাথে মিটিং করার সময় কেউ জোর গলায় মালয়েশিয়ানদের সাথে কথা বলতেন না। ওরা যা বলতেন, সেভাবেই আমাদের মন্ত্রীরা মেনে নিতেন। কিন্তু এবার মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সরকারের সাথে কোনো ধরনের আপস করে কথা বলছেন না। এটা অবশ্যই প্রশংসনীয়।
মালয়েশিয়ার শ্রমবাজারে কবে নাগাদ শ্রমিক যাবে, এ বিষয়ে বক্তব্য নিতে রোববার প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দফতরে গেলে তাকে পাওয়া যায়নি। একই সময়ে প্রবাসীকল্যাণ সচিব মো: মোখতার আহমদের দফতরে গেলে তিনিও রুমে ছিলেন না। পরে সচিবের একান্ত সচিব তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্যার প্রবাসীকল্যাণ ব্যাংকের একটি মিটিংয়ে গেছেন কিছুক্ষণ আগে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








