বাংলাদেশের উন্নয়ন খাতে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন স্বপন
নিউ ইয়র্কে ইউএনডিপি ও ইউএনএফপিএ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জহির উদ্দিন স্বপন : নয়া দিগন্ত।


বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরো জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতিসঙ্ঘ সদরদফতরে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপ-পরিচালক সোয়োলতুয়া বায়ারার সাথে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। বৈঠকে জাতিসঙ্ঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ উভয় সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সাথে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।
এ দিকে ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সাথে বৈঠকে উপদেষ্টা জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির আরো সহযোগিতা কামনা করেন। জবাবে উপ-পরিচালক বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরে বাংলাদেশের সাথে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।