
- কর্মপরিবেশ ও ক্যারিয়ার অনিশ্চয়তায় বাড়ছে চাকরি পরিবর্তন
- প্রকৌশলী-কর্মকর্তাদের জন্য নেই অভিন্ন বেতন কাঠামো
কাপড়ের বুনন যতই মজবুত হোক, সুতায় টানাপোড়েন বাড়লে কোথাও না কোথাও তা ছিঁড়ে যাওয়ার শঙ্কা থাকেই। দেশের বস্ত্র (টেক্সটাইল) শিল্পে দক্ষ জনবল ধরে রাখার সঙ্কটটিও আজ ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল শিল্পে যোগ দেয়া তরুণ প্রকৌশলীদের অনেকে কর্মজীবনের শুরুতেই দীর্ঘ কর্মঘণ্টা, তুলনামূলক কম বেতন ও ক্যারিয়ার উন্নয়নের সীমিত সুযোগের মুখোমুখি হচ্ছেন। এতে কেউ প্রতিষ্ঠান পরিবর্তন করছেন, কেউ আবার ব্যাংকিং ও সরকারি চাকরিসহ অন্য পেশায় চলে যাচ্ছেন। তাদের অভিজ্ঞতায় উঠে এসেছে কর্মপরিবেশ, আর্থিক সুবিধা ও পেশাগত উন্নয়নের সুযোগ নিয়ে অসন্তোষের চিত্র। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তরুণ প্রকৌশলীদের ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন প্রায় তিন বছর স্কয়ার স্পিনিং মিলসে কাজ করেছেন। পরে টেক্সটাইল খাত ছেড়ে বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন তিনি। তার ভাষ্য, দীর্ঘ কর্মঘণ্টা, কাজের চাপ, চাকরির অনিশ্চয়তা এবং প্রত্যাশার তুলনায় কম আর্থিক সুবিধার কারণে এ খাত ছাড়ার সিদ্ধান্ত নেন।
মাবিন বলেন, একজন তরুণ প্রকৌশলীর কাছে চাকরি শুধু বেতন পাওয়ার মাধ্যম নয়; দক্ষতা প্রমাণ, অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যৎ গড়ারও জায়গা। কিন্তু পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম হলে কর্মক্ষেত্রের প্রতি আগ্রহ কমে যায়। একপর্যায়ে বিকল্প পেশা খোঁজা অনেকের জন্য বাস্তব প্রয়োজন হয়ে দাঁড়ায়।
বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো: রাবী সিদ্দিকী বর্তমানে ফকির ফ্যাশন লিমিটেডের বিপণন ও মার্চেন্ডাইজিং বিভাগে কর্মরত। এর আগে তিনি আবুল খায়ের গ্রুপে কাজ করতেন। প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তনের পর ব্যবস্থাপনাগত রূপান্তরের সময় শেখার সুযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ারের সুস্পষ্ট দিকনির্দেশনা না পাওয়ায় চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।
রাবী বলেন, প্রতিষ্ঠানটি যখন রূপান্তরপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সেখানে যোগ দিয়েছিলেন তারা। কাজ করতে গিয়ে শেখার সুযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ারের স্পষ্ট দিকনির্দেশনা না পাওয়ায় অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ফকির ফ্যাশনে কাজের পরিবেশ বেশি সুসংগঠিত এবং শেখার সুযোগও ভালো বলে জানান তিনি। নিজের দক্ষতা বাড়ানো ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়াই ছিল তার চাকরি পরিবর্তনের মূল লক্ষ্য।
টেক্সটাইল খাত ছেড়ে ব্যাংকিংয়ে যাওয়া আরেক প্রকৌশলী আসিফ জয়। বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে আইএফআইসি ব্যাংকে কর্মরত। তার অভিজ্ঞতায়, বর্তমান বাজারদরে টেক্সটাইল খাতে চাকরির শুরুতে পাওয়া বেতন দিয়ে অনেক তরুণের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন। পরিবারের দায়িত্ব থাকলে আর্থিক চাপ আরো বাড়ে।
আসিফের মতে, ব্যাংকিং খাতের তুলনামূলক নির্দিষ্ট কর্মপরিবেশ, কাজের সময়ের ভারসাম্য, ক্যারিয়ার উন্নয়নের সুযোগ ও সামাজিক গ্রহণযোগ্যতা তরুণদের আকৃষ্ট করে। ফলে টেক্সটাইল খাতের বেতন ও কর্মপরিবেশের সাথে অন্য পেশার সুযোগ-সুবিধা তুলনা করে অনেকে খাত পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম শিশির ফকির অ্যাপারেলসের শিল্প প্রকৌশল বিভাগে কর্মজীবন শুরু করেন। তবে কিছুদিনের মধ্যেই চাকরি ছেড়ে দেন তিনি। কম বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও ক্যারিয়ারে উন্নতির সীমিত সুযোগকে চাকরি ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে টেক্সটাইল খাতে কাজের সুযোগ ও পেশাগত দক্ষতা অর্জনের সম্ভাবনাও রয়েছে। স্পিনিং, নিটিং, ডাইং, পোশাক উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ ও মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন বিভাগে কাজ করেন প্রকৌশলীরা। উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো: তানজিরুল ইসলাম বর্তমানে ফকরুদ্দিন টেক্সটাইল মিলসের ডাইং বিভাগে কর্মরত। তার মতে, কর্মজীবনের শুরুতে দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিকূল পরিবেশ ও প্রত্যাশার তুলনায় কম বেতন চ্যালেঞ্জ তৈরি করলেও এ সময়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। তরুণ প্রকৌশলীদের ধরে রাখতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক বেতন ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এদিকে প্রকৌশলীদের চাকরি পরিবর্তনের কারণে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকেও নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে সময় ও অর্থ ব্যয় করতে হয়। একজন প্রকৌশলীকে উৎপাদনপ্রক্রিয়ার সাথে পরিচিত করে দক্ষ করে তুলতে প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রয়োজন। তিনি অল্প সময়ে চাকরি ছাড়লে নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের প্রয়োজন দেখা দেয়। এতে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি ইঞ্জিনিয়ার মো: এনায়েত হোসেন বলেন, টেক্সটাইল খাতে প্রকৌশলী ও কর্মকর্তাদের বেতন নির্ধারণে সর্বজনীন মানদণ্ড নেই। এ বিষয়ে একটি মানদণ্ড প্রতিষ্ঠার জন্য বিজিএমইএ ও বিকেএমইএর কাছে দাবি জানানো হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী তাদের বেতন নির্ধারণ করে। শ্রমিকদের জন্য কিছু ক্ষেত্রে বেতনকাঠামো থাকলেও প্রকৌশলী ও কর্মকর্তাদের ক্ষেত্রে অভিন্ন ব্যবস্থা নেই।
তবে তরুণ প্রকৌশলীদের কর্মজীবনের প্রথম এক-দুই বছর বেতনের চেয়ে ভালো শিল্পপ্রতিষ্ঠান ও বিভাগে কাজ শেখাকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, কাজ শিখে নিজেকে দক্ষ করে তুলতে পারলে দুই-তিন বছরের মধ্যে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুযোগ তৈরি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








