গোপালগঞ্জের ঘটনা বসে বসে দেখার সুযোগ নেই : ডা. শফিক

 সংসদ প্রতিবেদক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের নাশকতার ঘটনা বসে বসে দেখার সুযোগ নেই, এদের কঠোর হস্তে প্রতিকার করতেই হবে। বিষফোড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়ার আগেই তার সঠিক ট্রিটমেন্ট   করতে হবে। তা না হলে দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা মারাত্মক হুমকিতে পড়বে।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ কথা বলেন বিরোধীদলীয় নেতা। 
সংসদে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ জেলায় অনেক অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজ টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, ওই জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরো বেশ কয়েকটি জেলা যুক্ত থাকায় কার্যত দেশের একটি বৃহৎ অংশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে আরো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। কার কার বাড়িতে আগুন দেয়া হবে, কোথায় লুটতরাজ চালানো হবে- তার ঘোষণা আগেই দেয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিজিপি ও তিনজন ওসিকে বদলি করা হয়েছে। কিন্তু নির্দোষ মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত এবং রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষায় আর কী দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়েছে? একটি নির্বাচিত সরকার ও চলমান পার্লামেন্ট বিদ্যমান থাকা অবস্থায় এভাবে প্রকাশ্যে ধ্বংসযজ্ঞ চলতে পারে না।’
একজন চিকিৎসক হিসেবে উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান সংসদে বলেন, ‘আমি একজন ক্ষুদ্র চিকিৎসক হিসেবে জানি, বিষফোড়ার জীবাণু যখন রক্তে চলে যায় তখন তা গোটা দেহে ছড়িয়ে পড়ে। সেই জীবাণু রক্তে পৌঁছানোর আগেই গোপালগঞ্জের বিষফোড়াকে সেখানেই ট্রিটমেন্ট করতে হবে। গোপালগঞ্জে বহু দেশপ্রেমিক ও নিরীহ নাগরিক আছেন, তাদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিশৃঙ্খলাকারীদের আর বসে বসে দেখার সময় নেই, এদের কঠোর হস্তে প্রতিকার করতেই হবে।’