
সংসদ প্রতিবেদক ও কিশোরগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পদত্যাগের এ তথ্য জানান। এদিন বিকেল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকায় ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।
আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।
৯০ দিনের মধ্যে উপনির্বাচন : কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব। স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচনের প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, প্রভাব পড়বে না। এমন হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নাও করতে পারি। আবার দু’টি নির্বাচন একসাথে করা যাবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হবে।
উপনির্বাচনের সময় নির্ধারণে সম্ভাব্য কয়েকটি প্রতিবন্ধকতার কথাও বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বছরের ২১ জানুয়ারি নির্ধারিত ইউনিয়ন পরিষদ নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষা এবং বিশ্ব ইজতেমার সম্ভাব্য সময়সূচি সামনে রেখে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছিলেন এক লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
৮৬ বছর বয়সী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক চিকিৎসার জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন। জানা যায়, গত জাতীয় নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আলোচনায় তার নামও ছিল। তবে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাননি এই প্রবীণ নেতা। যা নিয়ে কিছুটা ক্ষোভ ছিল বলে জানা গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক। এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তিনি। এদিকে সংসদ সচিবালয় সূত্র বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ড. ওসমান ফারুক দীর্ঘদিন বিশ্বব্যাংকে উচ্চপদে চাকরি করেছেন। অবসরের পরপরই ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি সংসদ সদস্য হন। পরে চারদলীয় জোট সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরেন।
১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








