
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ বলছে, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ব্যাপক পরিকল্পনা করছিলেন সাঈদ খোকন। তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা অদ্যাবধি আত্মগোপনে রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাঈদ খোকনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাদের পরবর্তী পরিকল্পনাসংক্রান্ত তথ্য সংগ্রহ, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, তার আশ্রয়দাতাসংক্রান্ত তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায় এবং কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করেন এবং বর্তমানে দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর দেখা যায়নি সাঈদ খোকনকে। তবে এর মধ্যে তিনি ফেসবুক লাইভে এসেছিলেন। তখনই তার চেহারার গেটআপ ছিল ভিন্ন। চেহারা ও পোশাকে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। মুখে লম্বা দাড়ি-গোঁফ ও ভিন্নধর্মী পোশাকে নিজেকে উপস্থাপন করেছিলেন। ঠিক ওই অবস্থায় তাকে গ্রেফতার করে এসআরবি।
মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে আবদুল মোতালিব (১৪) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আবদুুল মোতালিব। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আবদুল মতিন বাদি হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।
এ ছাড়াও সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতাসহ কয়েকটি মামলা চলমান রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীকেও আসামি করা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালতের এক আদেশে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এ দিকে কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ রমনা জোনাল টিমের পরিদর্শক মো: সুজন হক। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








