রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালত, রায়

 

Advertisement

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দীর্ঘ প্রতীক্ষিত রায় আগামীকাল বৃহষ্পতিবার দেয়া হবে। বিশ্বের সর্বোচ্চ আদালতের এই রায় একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক অপরাধের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মানদতণ্ড স্থাপন করতে পারে। দেশে-বিদেশে সব মহলের দৃষ্টি নিবদ্ধ থাকা এই রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ মুহুর্ত হয়ে উঠতে পারে। 
আইসিজে এর আগে কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করেনি। মিয়ানমারের বিরুদ্ধে এই আইনি লড়াই আন্তর্জাতিক আইনকে নতুন রূপ দিয়েছে এবং এমন একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে, যা আইসিজেতে ফিলিস্তিনের গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা এবং আগ্রাসন ও গণহত্যার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মামলার মতো অন্যান্য বড় বৈশ্বিক মানবাধিকার সংক্রান্ত মামলাকেও প্রভাবিত করতে পারে।
আন্তর্জাতিক আদালতের রায়ে গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমার ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে, নাগরিকত্ব আইন সংশোধন করতে এবং বর্তমানে বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া ১২ লাখেরও বেশি শরণার্থীকে নিরাপদে ও আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফিরে আসার সুযোগ দিতে আইনত বাধ্য হতে পারে। তবে আইসিজে যেহেতু কেবল রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়ে রায় দেয়, কোনো ব্যক্তির অপরাধের বিচার করে না, তাই মিয়ানমারের বিরুদ্ধে চূড়ান্ত রায় এলেও দেশটির সামরিক নেতাদের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা নেই। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিজের রায় বাস্তবায়নের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের প্রয়োজন রয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে ইতোপূর্বে চীন ও রাশিয়ার কাছ থেকে বাধা এসেছে। আইসিজের রায়ের পর ভোটো ক্ষমতাধর দেশ দু’টির অবস্থান কি হয়, তা পর্যবেক্ষকদের নজরে থাকবে।
আইসিজের রায় কেবল রাষ্ট্র হিসেবে মিয়ানমার নয়, বরং রাষ্ট্রবহির্ভূত শক্তি আরাকান আর্মির ওপরও প্রভাব ফেলতে পারে। কেননা আরাকান আর্মি আন্তর্জাতিক সমর্থন নিয়েই রাখাইনে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধেও তারা নিপীড়নমূলক আচরণ করছে। আরাকান আর্মির নিপীড়নে গত কয়েক বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা নতুন করে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর আগে ২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর জাতিগত নিধনের শিকার হয়ে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। দফায় দফায় রোহিঙ্গাদের ওপর চালানো হত্যা, ধর্ষণ ও বসতবাড়িতে অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের কারণে অন্তত ১২ লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে আছে।
আইসিজের রায় থেকে বাংলাদেশের প্রত্যাশা কি হতে পারে- জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ নয়া দিগন্তের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশের প্রত্যাশা থাকবে রোহিঙ্গাদের স্বার্থের পক্ষে যাতে রায় হয়। রোহিঙ্গাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুতি ও রাখাইনে ফেরত যাওয়ার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি।
ইতোপূর্বে আইসিজের দেয়া অন্তর্বর্তী পদক্ষেপগুলো অনুসরণে মিয়ানমারের গড়িমসির প্রতি দৃষ্টি আকষর্ণ করা হলে মুন্সী ফয়েজ আহমেদ বলেন, এটা পরিষ্কার যে আইসিজে রায় দিলেই যে সেটা বাস্তবায়ন হবে তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা নেই। রায় বাস্তবায়নে কোনো দেশকে বাধ্য করার ক্ষমতা আইসিজেকে দেয়া হয়নি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই আদালতের রায়ের গুরুত্ব আছে। বিশ্ববাসী রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা সম্পর্কে অবগত হবে। রোহিঙ্গাদের স্বার্থে কি করা উচিত সে ব্যাপারে আইসিজের রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা সিদ্ধান্তে আসতে সহায়তা করবে। তবে এই রায়ের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ভাগ্য রাতারাতি পরিবর্তিত হয়ে যাবে, এমনটা আশা করা ঠিক হবে না। কেননা কেবল রাখাইন নয়, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র সঙ্ঘাত চলছে। এই সঙ্ঘাতময় পরিস্থিতির অজুহাতে মিয়ানমার রায় বাস্তবায়নে টালবাহান করতে পারে। তাই এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে ইস্যুটা যাতে ধামাচাপা পড়ে না যায়। বাংলাদেশ এক্ষেত্রে সক্রিয় রয়েছে। 
রোহিঙ্গাদের স্বার্থ রক্ষায় বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়ে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এর ফলে আইসিজের রায় যথাযথভাবে বাস্তবায়নে মিয়ানমারের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করা যাবে। কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ ১১টি রাষ্ট্র গণহত্যার বিরুদ্ধে আইনি কাঠামোকে সমর্থন জানাতে আনুষ্ঠানিকভাবে এই মামলায় যুক্ত হয়েছে। রায়ের পর এই রাষ্ট্রগুলো একজোট হয়ে আইসিজের রায় বাস্তবায়নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের উদ্যোগ নিতে পারে। মিয়ানমার যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থাকতে চায়, তবে আইসিজের রায়কে তাদের গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে।
আইসিজের রায় বাস্তবায়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান কি ভূমিকা রাখতে পারে- প্রশ্ন করা হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটিজিক স্টাডিসের (বিআইআইএসএস) সাবেক চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ বলেন, আইসিজের রায়ে রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করা হলে আসিয়ানও নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হবে। এই রায় শুধু আসিয়ান নয়, বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যুকে নতুন করে সামনে নিয়ে আসা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। রায়টি রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
রাষ্ট্রবহির্ভূত শক্তি হিসেবে আরাকান আর্মির ওপর আইসিজের রায়ের কোনো প্রভাব পড়বে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আরাকান আর্মি রাষ্ট্রবহির্ভূত শক্তি হলেও আন্তর্জাতিক সমর্থন নিয়েই নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। রোহিঙ্গাদের ওপর তাদের নিপীড়নমূলক আচরনকে আমরা সমর্থন করতে পারি না।
জাতিসঙ্ঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত সাবেক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, আইসিজের এই রায় বেঁচে যাওয়া রোহিঙ্গা শরণার্থী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। ৯ বছর আগে মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। এখন তাদের সামনে সুযোগ এসেছে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার এবং অতীতের সেই ব্যর্থতাগুলোর মুখোমুখি হওয়ার। প্রসঙ্গত, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ রথ্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। কিন্তু মিয়ানমার তাকে সেদেশে যেতে অনুমতি দেয়নি। ইতোপূর্বে মিয়ানমার ইয়াংহি লির সফরের অনুরোধও প্রত্যাখ্যান করেছিল।
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে গাম্বিয়ার করা মামলার আইনি লড়াইটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে এবং মৌখিক যুক্তিতর্ক উপস্থাপনের সমাপ্তির মধ্য দিয়ে একটি পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সালের নভেম্বরে ৫৭ সদস্যবিশিষ্ট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আনুষ্ঠানিকভাবে আইনি কার্যক্রম শুরু করে। পরবর্তী বছর জানুয়ারিতে আইসিজে সর্বসম্মতভাবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এতে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যারোধে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং নৃশংসতার প্রমাণাদি সংরক্ষণ করার আদেশ দেয়া হয়। ২০২২ সালের জুলাইয়ে আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে দিয়ে জানায়, এই মামলাটি পরিচালনার ক্ষেত্রে তাদের বৈধ এখতিয়ার রয়েছে। এর মাধ্যমে এটি নিশ্চিত হয়, কোনো তৃতীয় পক্ষ, এমনকি সঙ্ঘাতের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যা বিষয়ক সনদ বাস্তবায়নের জন্য আইনি পদক্ষেপ নিতে পারে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং মালদ্বীপসহ ১১টি রাষ্ট্র গণহত্যার বিরুদ্ধে আইনি কাঠামোকে সমর্থন জানাতে আনুষ্ঠানিকভাবে এই মামলায় যুক্ত হয়। গত জানুয়ারিতে আইসিজেতে মামলাটির গুণাগুণের ওপর উন্মুক্ত শুনানি অনুষ্ঠিত হয়। কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীসহ (বেঁচে যাওয়া ব্যক্তি) বেশ কয়েকজন সাক্ষী রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য প্রদান করেন। ২৯ জানুয়ারি আইসিজে উন্মুক্ত শুনানি শেষ করে। বর্তমানে মামলাটির মূল বিষয়ের ওপর আদালতের একটি চূড়ান্ত ও বাধ্যতামূলক রায়ের অপেক্ষায় রয়েছে বিশ্ব।