শ্রমিক বিক্ষোভে অস্থির পোশাকশিল্প নতুন মজুরি কার্যকর ডিসেম্বরে
সাভারের পদ্মার মোড়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দেশের পোশাক শিল্পাঞ্চল। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কোথাও কোথাও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। নিরাপত্তার স্বার্থে গাজীপুরের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ দিকে নতুন মজুরি ঘোষণার সময় নিয়ে শ্রমিকদের উদ্বেগের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক, তারা তা ডিসেম্বর মাসের বেতন হিসেবে জানুয়ারি মাসেই পাবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, গত সোমবার মজুরি বোর্ডের নির্ধারিত সভা একজন স্থায়ী সদস্যের সমস্যার কারণে পেছানো হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই।
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর মধ্যেই বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, ন্যায্য মজুরির দাবির পাশাপাশি বিভিন্ন কারখানায় তাদের ওপর হামলা ও মারধরের ঘটনাও অসন্তোষ বাড়িয়েছে। অন্য দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বিক্ষোভের সুযোগে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ২৬ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
মিরপুরে মিছিল, পুলিশের টিয়ার শেল : রাজধানীর মিরপুরে গতকাল সকাল থেকেই পোশাকশ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ৯টার দিকে কয়েক শ’ শ্রমিক লাঠি হাতে মিছিল নিয়ে মিরপুর-১ এলাকা থেকে মিরপুর-১০ অভিমুখে যাত্রা করেন। মিছিলটি মিরপুর মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় শ্রমিকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়েন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার কয়েকটি কারখানায় সকাল সাড়ে ৮টার দিকে ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে সড়কে অবস্থান নেন। পুলিশ মাইকিং করে তাদের সরে যেতে বললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, মিরপুর-১ থেকে ১০ নম্বর এলাকায় শ্রমিকরা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
অন্য দিকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো: মহিদুল ইসলাম বলেন, রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুলের কয়েকটি সংযোগ সড়কে শ্রমিকদের জমায়েতের চেষ্টা ছিল। তবে কোথাও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করা সম্ভব হয়নি। পুলিশ মাইকিং ও বুঝিয়ে শ্রমিকদের সরিয়ে দিয়েছে। এ ঘটনায় দু-চারজন আটক হয়ে থাকতে পারেন; বিষয়টি যাচাই করা হচ্ছে। 
গাজীপুরে মহাসড়কে অবরোধ, সংঘর্ষ : গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে গতকাল সকাল থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। পরে বাংলাবাজার, বাঘেরবাজার, শিরিরচালা, গড়গড়িয়া মাস্টারবাড়ি, ভবানীপুর ও মেম্বারবাড়িসহ বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ সরাতে পুলিশ গেলে শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়ক ছেড়ে সরে যান।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। বেলা ৩টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। সকালে শ্রমিকদের অসন্তোষের কারণে ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে গাজীপুরের বৃহত্তর শিল্পাঞ্চলে কারখানা বন্ধের চিত্র আরো বিস্তৃত। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ৩৬টি কারখানা বন্ধ ছিল; মঙ্গলবার নতুন করে আরো চারটি কারখানা বন্ধের নোটিশ দেয়। সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ- দু’টি পৃথক হিসাব।
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয়ার অর্থ স্থায়ীভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়া নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সাময়িক বিরতির পর কারখানাগুলো আবার চালু হতে পারে। তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলা ও মারধরের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার বিচার চেয়ে শ্রমিকেরা সড়কে নেমে আসছেন। শ্রমিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। একইসাথে কেউ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
মাসকো টেক্সের সিনিয়র ম্যানেজার মো: বোরহান উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার দুপুরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক আহত, কারখানায় হামলার অভিযোগ : গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক মামুন আহত হয়েছেন। তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকায় নেয়া হয়।
এদিকে গাজীপুরের মাওনায় রেম অ্যাপারেলস কারখানায় বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করে শ্রমিকদের মারধর ও কারখানা থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। বাঘেরবাজার ও ভবানীপুর এলাকায় সিলিকন ও মণ্ডল গ্রুপের কয়েকটি কারখানায়ও অসন্তোষ দেখা দেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিও শ্রমিকদের বিক্ষোভে প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: আশিক সাঈদ বলেন, সকাল সাড়ে ৬টা থেকেই পুলিশ, শিল্প পুলিশ, এসঅরবি ও বিজিবি সদস্যদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়। শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী। তবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উসকানিতে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ২৬ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার সদর দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ছয়, গোপালগঞ্জে আট ও নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য রয়েছেন। তারা সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং সড়ক-মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে স্থির দায়িত্বের পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে।
সাভারে সড়ক অবরোধ, টিয়ার শেলে ছত্রভঙ্গ : সাভারের হেমায়েতপুরেও গতকাল পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পদ্মার মোড় এলাকার দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড এবং বাগবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বাগবাড়ি মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণ পর আবারো সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি।
বেলা সোয়া ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা আশপাশের গলিতে সরে যান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের বিক্ষোভের কারণে স্ট্যান্ডার্ড গ্রুপ, একেএইচ গ্রুপসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান বলেন, জনদুর্ভোগ এড়াতে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মজুরি বোর্ডের বৈঠক ২৩ নভেম্বর : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকেরা রাজপথে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের আনুষ্ঠানিক প্রস্তাব ৩২ হাজার টাকা। তবে মালিকপক্ষ এখনো তাদের লিখিত প্রস্তাব জমা দেয়নি।
বোর্ডের তৃতীয় বৈঠক গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডের একজন স্থায়ী সদস্যের সমস্যার কারণে সভাটি স্থগিত করা হয় বলে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, সভা পেছানোর পেছনে অন্য কোনো কারণ নেই। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান আরো জানান, নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক, শ্রমিকেরা তা ডিসেম্বর মাসের বেতন হিসেবে জানুয়ারিতে পাবেন। অর্থাৎ মজুরি ঘোষণার সময় পিছিয়ে গেলেও নতুন কাঠামো অনুযায়ী ডিসেম্বরের বেতন পরিশোধের কথা জানিয়েছেন তিনি। এ বক্তব্য শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা দূর করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু গতকাল এক বিবৃতিতে মজুরি বোর্ডের সভা স্থগিতের নিন্দা জানান। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে পোশাকশ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় মজুরি নির্ধারণে সময়ক্ষেপণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। দ্রুত সভা আহ্বান করে নতুন মজুরি ঘোষণার প্রক্রিয়া শেষ করতে হবে।
বিবৃতিতে তিনি নবম পে-স্কেলের ২০তম গ্রেড এবং বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানান। তার মতে, মজুরি নিয়ে বর্তমান অচলাবস্থার দায় মালিকপক্ষের। মালিকদের দ্রুত প্রস্তাব দিয়ে আলোচনায় অংশ নেয়া উচিত।
অন্যদিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে মজুরি নিয়ে আলোচনা দ্রুত পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকেও বলা হয়েছে, মালিকপক্ষ চাইলে সভায় উপস্থিত হওয়ার অপেক্ষা না করে লিখিত প্রস্তাব জমা দিতে পারে। এতে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেয়া সহজ হবে।
উৎপাদন ও রফতানি নিয়ে উদ্বেগ : বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। বছরে এ শিল্প থেকে প্রায় ৩৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার; ইউরোপীয় ইউনিয়নও বড় রফতানি গন্তব্য। ফলে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হলে দেশের রফতানি আয়, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থায় প্রভাব পড়তে পারে।
বিশেষ করে বছরশেষ ও বড়দিন উপলক্ষে আন্তর্জাতিক বাজারে পোশাক সরবরাহের চাপ থাকে। এ সময়ে কারখানায় উৎপাদন বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য পাঠানো কঠিন হয়ে পড়তে পারে। এতে ক্রেতাদের সাথে চুক্তি রক্ষা এবং ভবিষ্যৎ ক্রয়াদেশ ধরে রাখার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হতে পারে।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তার প্রশ্ন উপেক্ষা করে শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং কারখানায় স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সরকারের মধ্যে দ্রুত কার্যকর আলোচনা প্রয়োজন। একইসাথে বিক্ষোভের নামে সহিংসতা, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ড এড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা জরুরি।
শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি দাবি, কারখানায় হামলা-মারধরের অভিযোগ এবং মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়া- সব মিলিয়ে শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। আগামী ২৩ নভেম্বরের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব, শ্রমিকদের দাবি ও সরকারের অবস্থান কিভাবে সমন্বিত হয়, তার ওপর অনেকটাই নির্ভর করছে পরিস্থিতির পরবর্তী গতিপথ। দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্ত না এলে শ্রমিক অসন্তোষ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।